Mamata Banerjee: ঋতব্রতদের যাওয়ার আগেই কমিশনকে তড়িঘড়ি চিঠি মমতার | Mamata Banerjee Sends TMC National Committee List to Election Commission Amid Ritabrata Banerjee Row
কলকাতা: তৃণমূলের রাশ কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে রাজ্য-রাজনীতিতে টানাপোড়েন তৈরি হয়েছে। সোমবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল নতুন ‘জাতীয় কর্মসমিতি’ গঠন করেছে। অথচ সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার বদলে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। বহিষ্কার করা হয়েছে অভিষেককে । সূত্রের খবর, আজই এই নতুন সমিতি সংক্রান্ত সব নথিপত্র কমিশনে জমা দিতে যাওয়ার কথা ছিল ঋতব্রতদের। কিন্তু, তার আগেই ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতদের আগেই কমিশনে চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
কমিশনকে কী চিঠি দিয়েছেন মমতা?
দলের জাতীয় কর্মসমিতির তালিকা নিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছেন মমতা। অর্থাৎ মমতা-পন্থী তৃণমূলের কর্মসমিতিতে কারা রয়েছেন, সেই তালিকা পাঠানো হয়েছে। তালিকায় ২৪ জনের নাম রয়েছে। সেখানে চেয়ারপার্সন হিসেবে মমতার নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অথচ, এই অভিষেককেই গতকাল বহিষ্কার করেছিল ঋতব্রতদের তৃণমূল।
এছাড়া মমতার পাঠানো চিঠিতে যুগ্ম সম্পাদক হিসেবে দোলা, ডেরেক, সহ সভাপতি সুব্রত বক্সী, কোষাধ্যক্ষ শুভাশিসের নামও রয়েছে। নাম রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়েরও। তাঁর পাশে লেখা রয়েছে Leader of Assembly অর্থাৎ বিধানসভার দলনেতা। বিরোধী দলনেতা বলা হয়নি। অন্যদিকে নাম রয়েছে ডেরেক ও ব্রায়েন, মদন মিত্র-সহ বাকি রাজ্যের নেতাদের। রাজনৈতিক মহল বলছে, ঋতব্রতদের আগে কমিশনকে তড়িঘড়ি চিঠি পাঠিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকল মমতাপন্থী তৃণমূল।