রাখি পূর্ণিমায় মুক্তি একাধিক ছবির, বক্স অফিসে মহা-লড়াই?
দেবলীনা ঘোষ
চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির দিন অবশেষে ঘোষণা করা হয়েছে। একাধিকবার পিছিয়ে যাওয়ার পরে যশ অভিনীত এই ছবি এ বার ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বুধবার মুক্তি পাওয়ার ফলে ওনাম এবং রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ছুটির সুবিধা পাবে ছবিটি। উত্তর ভারতে রাখিই হবে প্রধান আকর্ষণ, যা পালিত হবে ২৮ অগস্ট, শুক্রবার। তবে এ বার রাখি পূর্ণিমার সপ্তাহে বক্স অফিসে জমতে চলেছে বড়সড় লড়াই। কারণ একই সময়ে মুক্তির জন্য প্রস্তুত আরও তিনটি বড় ছবি। সবার আগে মুক্তির দিন ঘোষণা করেছিল ‘খোসলা কা ঘোসলা ২’। গত ১৩ মার্চ ছবির নির্মাতারা জানান, ২৮ অগস্ট মুক্তি পাবে এই কমেডি ছবি। প্রথম ছবির মতোই এতে অভিনয় করছেন অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, পারভিন দাবাস এবং তারা শর্মা। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, আর সিক্যুয়েল পরিচালনা করছেন প্রশান্ত ভাগিয়া।