নতুন পুরসভা, বিমানবন্দরও, ঝুলি ভরার আনন্দ আলিপুরদুয়ারে
এই সময়, আলিপুরদুয়ার: রাজ্য বাজেটে আলিপুরদুয়ারের ভুটান লাগোয়া সীমান্ত শহর জয়গাঁকে পুরসভায় উন্নীত করার ঘোষণা হতেই খুশিতে মেতে উঠলেন শহরের মানুষজন। প্রস্তাবিত ওই পুরসভা গঠন করা হবে জয়গাঁ-১, ২ ও দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিকে নিয়ে। এছাড়াও বীরপাড়া ও কামাখ্যাগুড়ির লেভেল ক্রসিং দু’টিতে দীর্ঘদিনের দাবি মেনে রেলওয়ে ওভারব্রিজ তৈরির পরিকল্পনার কথাও রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। সঙ্গে হাসিমারা বায়ুসেনা ছাউনির পাশে সাঁতালি চা বাগানের ২৫ একর অব্যবহৃত জমিতে একটি অসামরিক বিমানবন্দর তৈরির জন্য জমি অধিগ্রহণ করার জন্য আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।