জেলা ঘোষণা হতেই উচ্ছ্বাসে ভাসল আরামবাগ
আরামবাগকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন একদল মানুষ। তাতে সায় ছিল স্থানীয় রাজনৈতিক নেতাদেরও। বিধানসভা ভোটের প্রচারেও এটা ছিল অন্যতম বড় ইস্যু। ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আরামবাগকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি মেনে অবশেষে আরামবাগকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করল নতুন সরকার। তবে ঠিক কতটা এলাকা নিয়ে আরামবাগ জেলা গঠিত হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে জেলা সদর নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। আরামবাগ শহরের আশপাশেই কোথাও তৈরি হবে জেলা প্রশাসনিক ভবন। আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর, কোতলপুর, চন্দ্রকোণা, বর্ধমানের মাধবডিহি-সহ বিভিন্ন এলাকা নতুন জেলার মধ্যে ঢুকতে পারে।