Latest Weather Update: দক্ষিণবঙ্গে ফের জারি বৃষ্টির সতর্কতা, এত বৃষ্টি কমবে কবে? | Weather latest update Rain forecast in south bengal alret till wednessday
আবহাওয়ার খবরImage Credit: Sudipta Das/NurPhoto via Getty Images
কলকাতা: শুক্রবারের পর আবার রবিবার। ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে। অল্প সময়ের বৃষ্টিতে জলে ডুবল কলকাতা। বিগত কয়েকদিন ধরে যে গরম পড়েছিল তাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়েছিল শহরবাসীর। বৃষ্টি কবে হবে সেই প্রশ্নই ঘোরাঘুরি করছিল মনে। এই আবহের মধ্যেই এবার ঝড়বৃষ্টি হল দক্ষিণবঙ্গে। আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
এ দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। তবে, সোমবারের পর সাময়িক ভাবে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। সোমবার উত্তরের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, সিকিমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। তবে, কয়েকদিন ক্ষান্ত দিয়ে আবারও শুক্রবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার ফের উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।
এ দিকে রবিবার কলকাতা ও লাগোয়া দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। হাওড়ায় কমলা সতর্কতা। এক নাগাড়ে বৃষ্টির জেরে ধর্মতলা, শিয়ালদহ, বেহালায় প্রায় হাঁটুসমান জল জমে গিয়েছে। অপরদিকে বালি আন্ডারপাসে বুক সমান জল হয়েছে। প্রবল বৃষ্টিতে মৃত্যু হয়েছে একজনের।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে। যে কারণে আদ্রর্তাজনিত অস্বস্তি থাকছেই। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কমলে তাপমাত্রাও বাড়বে। বুধবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা। ফলে এখনই বলা যাচ্ছে না বৃষ্টি আদৌ কমবে কবে।