সিজন ২ নিয়ে বড় ঘোষণা সময় রায়নার, কোথায় দেখা যাবে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’?
দীর্ঘ বিতর্ক, আইনি জটিলতা এবং এক বছরেরও বেশি অপেক্ষার পর অবশেষে ফিরছে সময় রায়নার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। শুধু ফিরছেই না, দ্বিতীয় সিজন নিয়ে বড় চমকও দিলেন সময়। এ বার থেকে এই শো একসঙ্গে স্ট্রিম হবে নেটফ্লিক্স এবং ইউটিউবে।
সম্প্রতি একটি ভিডিয়োতে সময় রায়নাকে তাঁর বন্ধু বলরাজ সিংয়ের সঙ্গে দেখা যায়। সেখানে তাঁরা জানান, দ্বিতীয় সিজনের প্রতিটি পর্ব একই দিনে এবং একই দৈর্ঘ্যে দুই প্ল্যাটফর্মেই দেখানো হবে। অর্থাৎ, নেটফ্লিক্স ও ইউটিউব— কোনও ক্ষেত্রেই আলাদা সংস্করণ থাকবে না।
প্রথম সিজনের বিপুল জনপ্রিয়তার পর থেকেই নতুন সিজনের অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ঘোষণার ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, আগের মতোই শোয়ের মেজাজ বজায় থাকবে।
ঘোষণার পরে মজার প্রতিক্রিয়া দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশিস চঞ্চলানি। প্রথম সিজন ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে মন্তব্য করেন, ‘এ বার যেন একটি ডিসক্লেমার রাখা হয়, তাহলে ভবিষ্যতে মামলা মোকাবিলা করা সহজ হবে।’ তাঁর এই মন্তব্য মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত বছর শোয়ের একটি পর্বকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে সময় রায়না শোয়ের সমস্ত এপিসোড ইউটিউব থেকে সরিয়ে দেন। ঘটনায় একাধিক এফআইআরও দায়ের হয়েছিল। এর পর দীর্ঘ সময় জনসমক্ষে খুব একটা দেখা যায়নি সময়কে। তবে কয়েক মাস আগে তিনি ‘স্টিল অ্যালাইভ’ নামে নিজের প্রথম স্ট্যান্ড-আপ স্পেশাল প্রকাশ করেন। সেই শোয়ে বিতর্ক-পরবর্তী সময়, ব্যক্তিগত টানাপড়েন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন তিনি। অনুষ্ঠানটি বিপুল সাফল্যও পায়।
এবার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজনের ঘোষণার মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সময় রায়না। ইউটিউব থেকে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে শো কতটা সাফল্য পায়, এখন সেটাই দেখার।