Road Accident in Nabadwip: মুখোমুখি বাইকের সংঘর্ষ, জামাইষষ্ঠির দিন মৃত্যু | Death in Nadia krishnanagar - 24 Ghanta Bangla News
Home

Road Accident in Nabadwip: মুখোমুখি বাইকের সংঘর্ষ, জামাইষষ্ঠির দিন মৃত্যু | Death in Nadia krishnanagar

Spread the love

নবদ্বীপ: জামাইষষ্ঠীর উৎসবের দিন নবদ্বীপে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী। শনিবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামের মাঠের রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা চৈতন্য ঘোষ জানান, অত্যন্ত দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুটি বাইকই প্রায় ভেঙে যায়। বাইকের বিভিন্ন যন্ত্রাংশ ও চাকা রাস্তার চারদিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল ঘোষ ও পীযূষ ঘোষ নামে দুই যুবকের।

মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার (নাদনঘাট) থানা এলাকায়। জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে তিনি ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন। অপর মৃত পীযূষ ঘোষ ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোপাল ঘোষ ও সুজিত ঘোষ। তাঁদের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থার অবনতি হওয়ায় কারণে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকই নবদ্বীপ থানার ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা ইদ্রাকপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *