পশুপাখির হাট দ্রুত চালু করার দাবিতে মিছিল
এই সময়, বাঁকুড়া: নয়া বিধি শিথিল করে অবিলম্বে জেলার পশুপাখির হাটগুলি চালু করার দাবি উঠল বাঁকুড়ায়। এই দাবি নিয়ে বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাইস্কুলের সামনে থেকে মিছিল করে জেলা প্রাণী সম্পদ দপ্তরে যান পশুপক্ষী হাট বাঁচাও সমিতির সদস্যরা। সেখানে তাঁরা দাবিপত্র জমা দেন।
তাতে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় জেলার হাটগুলি বন্ধ। ফলে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে, অসংখ্য মানুষ রুজি হারিয়েছেন। সমস্যায় পড়েছেন পশুপাখি পালন করেন যাঁরা, তাঁরাও।
সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতি বিরাট ধাক্কা খেয়েছে। তাকে চাঙা করতে অবিলম্বে জেলার সবকটি পশুপাখির হাট দ্রুত চালু করতে হবে। এ দিনের কর্মসূচীর পরে সমিতির সদস্য রূপচাঁদ খান, তারাশঙ্কর গোপ, সামাদ আলি খানরা বলেন, ‘নতুন সরকার তৈরি হওয়ার পরে গত ১৩ মে থেকে বাকি রাজ্যের সঙ্গে বাঁকুড়ার ১১টি পশুপাখির হাট বন্ধ হয়ে রয়েছে। ফলে ওই হাটগুলির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত লক্ষাধিক মানুষ আজ কর্মহীন। পরিণতিতে গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায়। তাই অতি দ্রুত ওই হাটগুলি চালু করা দরকার।