'দৌড় সে ধ্যান'-এ মাতল শহর! মহাকরণের সামনে যোগাসনে মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

‘দৌড় সে ধ্যান’-এ মাতল শহর! মহাকরণের সামনে যোগাসনে মুখ্যমন্ত্রী

Spread the love

কলকাতা: শুরু হয়ে গেল আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) তিন দিনব্যাপী মেগা কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতা পুরসভা থেকে ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথনের মধ্যে দিয়ে…

কলকাতা: শুরু হয়ে গেল আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) তিন দিনব্যাপী মেগা কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতা পুরসভা থেকে ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথনের মধ্যে দিয়ে এই জাঁকজমকপূর্ণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে পা মেলান খোদ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ বিশিষ্ট নেতৃত্ব। ‘রান ফর যোগা’ ম্যারাথন শেষে এদিন সকলে মিলে প্রাণায়ামও করেন। (International Yoga Day 2026 Kolkata)

প্রাণায়াম শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিবসের আগামী তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন। তিনি বলেন, “যোগ দিবস পালন শুরু হয়ে গেল। শুধু কলকাতায় নয়, ২ কিলোমিটারের এই ম্যারাথন রাজ্যের বিভিন্ন প্রান্তেই হচ্ছে। নৌকায় যোগা, ড্রোন শো-সহ একাধিক বড় চমক রয়েছে। কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেড রোডে যোগাসনে অংশ নেবেন ৩৫ হাজার মানুষ। গোটা রাজ্যে প্রায় ১০ লক্ষ মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবেন বলে আমরা আশাবাদী।”

একনজরে আগামী তিনদিনের মেগা কর্মসূচি

আগামী ২১ জুন মূল অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে টানা ৪৫ মিনিট ধরে যোগাসন করবেন তিনি। ওই দিন রেড রোডে একটি বিশেষ যোগ প্রদর্শনীরও আয়োজন করা হবে।

আগামী ২০ জুন শহরে আয়োজিত হবে ‘যোগ কার্নিভ্যাল’। এদিন কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। মিলেনিয়াম পার্ক এবং প্রিন্সেপ ঘাট থেকে এই চোখধাঁধানো ড্রোন শো উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার ৪৫টি গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বিশালাকার এলসিডি (LCD) স্ক্রিন। ড্রোন শো থেকে শুরু করে যোগ দিবসের সমস্ত অনুষ্ঠান সেখানে সরাসরি সম্প্রচারিত হবে। ২১ জুন শহরের মোট ৪২টি পার্কে সাধারণ মানুষের যোগাসন করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য ট্র্যাফিকের বিশেষ ব্যবস্থা

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিনই রয়েছে নিট (NEET) পরীক্ষা। তবে যোগ দিবসের অনুষ্ঠানের কারণে পরীক্ষার্থীদের রাস্তায় যানজট বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশ্বস্ত করেছে প্রশাসন। ট্র্যাফিক নিয়ন্ত্রণের বিষয়ে জানানো হয়েছে, রেড রোডের মূল অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে নির্বিঘ্নেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন পরীক্ষার্থীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *