PM Narendra Modi: পশ্চিমবঙ্গে পা রাখার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট মোদীর, কী লিখলেন? | PM Narendra Modi’s 2 Day West Bengal Visit: Tarakeswar Event, Yoga Day in Kolkata and Major Development Announcements
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
কলকাতা: একগুচ্ছ কর্মসূচি। আর সেইসব কর্মসূচিতে যোগ দিতেই ২ দিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আসার কয়েকঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্ট করলেন তিনি। এক্স হ্যান্ডলে বাংলায় একাধিক পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানালেন, শনিবার থাকবেন তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে। আর রবিবার কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রধানমন্ত্রী?
এদিন এক্স হ্যান্ডলে তাঁর পশ্চিমবঙ্গে আসা নিয়ে মোদী লেখেন, ‘আমি আগামী দুই দিন, ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকব। আগামিকাল, ২০ জুন তারিখটি আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটি হবে হুগলি জেলার তারকেশ্বরে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সংযোগ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষায় তাঁর প্রচেষ্টার কারণে এই স্থানটি ঐতিহ্যমণ্ডিত। তারকেশ্বরে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে।’
তারকেশ্বরে অনুষ্ঠানে কী কী হবে জানিয়ে মোদী লেখেন, ‘তারকেশ্বর থেকে, পিএম-কিসান (PM-KISAN)-এর ২৩তম কিস্তি প্রদান করা হবে, যার ফলে সমগ্র ভারতের অগণিত পরিশ্রমী কৃষকরা উপকৃত হবেন। এটা অত্যন্ত আনন্দের যে, আগামিকাল কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রধান প্রকল্পগুলিরও সূচনা করা হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এগুলি পশ্চিমবঙ্গের কঠোর পরিশ্রমী কৃষকদের উপকার করবে।’
রবিবার তাঁর কর্মসূচি জানিয়ে মোদী লেখেন, ‘২১ তারিখে, কলকাতায় যোগ দিবস কর্মসূচির আয়োজন করা হবে। কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের কর্মসূচির পর, আমি আর একটি কর্মসূচিতে যোগ দেব। যেখানে দেশীয় নকশায় নির্মিত তিনটি যুদ্ধজাহাজকে জলে ভাসানো হবে। এগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। এগুলি আমাদের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে আমাদের সঙ্কল্পকেও এগুলি প্রতিফলিত করছে।’
বাংলায় প্রধানমন্ত্রীর ২ দিনের সফরসূচি-
আগামিকাল সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর বিমান পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় নামবে। এখান থেকে প্রধানমন্ত্রী যাবেন ওড়িশার ময়ূরভঞ্জে। সেখানে অনুষ্ঠানের পর বিকেল সাড়ে তিনটেয় আসবেন হুগলির তারকেশ্বরে। সেখানে অনুষ্ঠানের পর কলকাতায় লোকভবনে পৌঁছবেন মোদী। রাতে লোকভবনে থাকবেন।
পরদিন অর্থাৎ ২১ জুন সকাল ৬টা ২৫ মিনিটে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ১ ঘণ্টা ১৫ মিনিট এখানে থাকবেন। তারপর আবার লোকভবনে ফিরে যাবেন। লোকভবনে ১ ঘণ্টা ১৫ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। তারপর যাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে। সেখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী।