Kalyan Banerjee: কল্যাণের ‘নাগাল’ পেতে ব্যর্থ পুলিশ, তৃণমূল সাংসদকে কেন ‘খুঁজছে’ সিআইডি? | CID Fails Again to Serve Notice to TMC MP Kalyan Banerjee in MLA Signature Forgery Case
কলকাতা: বিধায়কদের সই জালকাণ্ডে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। কিন্তু, বারবার তাঁকে নোটিস দিতে গিয়েও ‘নাগাল’ পাওয়া যাচ্ছে না। শুক্রবারও তৃণমূল এই সাংসদকে নোটিস দিতে গিয়েছিল কালীঘাট থানার পুলিশ। কিন্তু, বাড়িতে না থাকায় নোটিস দেওয়া যায়নি। এই নিয়ে তিনবার শ্রীরামপুরের সাংসদকে নোটিস দিতে ‘ব্যর্থ’ হল সিআইডি।
বিধায়কদের সই জালকাণ্ডে কালীঘাট থানার মাধ্যমে কল্যাণকে নোটিস পৌঁছে দিতে চেয়েছে সিআইডি। বৃহস্পতিবার দুই দফায় সিআইডি নোটিস কল্যাণের কলকাতার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে কালীঘাট থানা। কল্যাণ বাড়ি নেই বলে জানিয়ে সেই নোটিস নেওয়া হয়নি। এরপর এদিনও তাঁর বাড়িতে পৌঁছে যান কালীঘাট থানার পুলিশকর্মীরা। তবে কল্যাণ এদিন দিল্লিতে রয়েছেন। ফলে এদিনও তাঁর হাতে নোটিস দেওয়া যায়নি।
সিআইডি সূত্রে খবর, যে বৈঠকে তৃণমূলের বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কল্যাণ। ওইদিন কী হয়েছিল সেই বৈঠকে, কল্যাণের থেকে জানতে চান তদন্তকারীরা। তাই, জিজ্ঞাসাবাদের জন্য কল্যাণকে নোটিস পাঠাতে চেষ্টা করছে সিআইডি। তবে কল্যাণের হাতে কবে সেই নোটিস ধরানো যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বিধায়কদের সই জালকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের আগে একাধিকবার সিআইডি তলব এড়িয়েছিলেন অভিষেক। সই জালকাণ্ডে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি, অভিষেকের সঙ্গে কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, অভিষেকের বক্তব্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তারই মধ্যে কল্যাণ সই জালকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে তৎপরতা শুরু করেছে সিআইডি।