জলনিকাশি সমস্যায় বোরো অফিস ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির - 24 Ghanta Bangla News
Home

জলনিকাশি সমস্যায় বোরো অফিস ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির

Spread the love

জল জমার সমস্যা ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে বোরো অফিসে স্মারকলিপি দিল বিজেপি। সাত দিনের মধ্যে সমাধানের আশ্বাস পুরনিগমের।

পারমিতা রায়, শিলিগুড়ি: বর্ষার শুরুতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকার সমস্যা নিয়ে সরব হল বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ১ নম্বর বোরো অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির ১ নম্বর ও ২ নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মাল্লাগুড়ি সংলগ্ন এলাকা থেকে মিছিল করে বোরো অফিসে পৌঁছান বিজেপি কর্মীরা। অভিযোগ, নির্ধারিত সময়ে বোরো অফিসে পৌঁছেও প্রথমে চেয়ারম্যানের দেখা না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের মধ্যে। এরপর বোরো অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলে।

Also Read |

পরে ১ নম্বর বোরোর চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি অফিসে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপি প্রতিনিধিরা তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন এবং শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এদিন বিজেপি নেতৃত্বের অভিযোগ, শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতি এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়।

অন্যদিকে, বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি আশ্বাস দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে জমে থাকা জল বের করার চেষ্টা করা হবে। পাশাপাশি বৃষ্টির কারণে যেসব ওয়ার্ডে জলনিকাশি সমস্যা তৈরি হয়েছে, সেগুলিরও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও জানান, পুরনিগমের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।

Also Read |

স্মারকলিপি জমা দেওয়ার পর বিজেপি নেতৃত্ব জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। এদিনের কর্মসূচিতে বিজেপির ১ নম্বর ও ২ নম্বর মণ্ডলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বর্ষাকালে জল জমার সমস্যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলেও, এখন শহরবাসীর নজর প্রশাসনের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *