Sujit Guha Hospitalized: গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গীর’ পরিচালক সুজিত গুহ! চার বিধায়কের কাছে গেল সাহায্যের আবেদন | Veteran Tollywood Director Sujit Guha Hospitalized; Industry Seeks Financial Help
আশির দশক থেকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে টলিউডের বক্স অফিসে ঝড় তুলেছিলেন, সেই বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ এখন হাসপাতালের বিছানায়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে তিনি যাদবপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শুধু শারীরিক অসুস্থতাই নয়, গুণী এই পরিচালকের বর্তমান আর্থিক পরিস্থিতিও ভালো নেই। আর সেই কারণেই তাঁর চিকিৎসার খরচ জোগাতে এবার এগিয়ে এসেছে টলিউডের পরিচালক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে নিজেদের সদস্যদের মধ্যে আর্থিক সাহায্যের জন্য বিশেষ আবেদন জানানো হয়েছে।
কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই বর্ষীয়ান পরিচালক। সেই সময় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছিলেন তিনি। তবে এখন খবর, তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বহু হিট ছবির পরিচালকের বর্তমান আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। তাঁর সঠিক চিকিৎসা ও পরিচর্যার জন্য সোশ্যাল মিডিয়ায় টলিপাড়ার নবনির্বাচিত চার বিধায়কের কাছে সাহায্য চেয়েছেন পরিচালক অর্কদীপ নাথ। সেই পোস্ট এখন রীতিমতো ভাইরাল।
সুজিত গুহ
আশির দশক থেকে বাংলা সিনেমার বক্স অফিসে লক্ষ্মী এনে দিয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। বাংলা ছবির জন্য বহু নায়ক ও নায়িকা তৈরি করেছেন তিনি। রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, জিৎ, হিরণ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক সহ বোম্বের বহু অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাঁর হিট ছবির তালিকা দীর্ঘ, ‘অগ্নিপথ’, ‘গঙ্গা’, ‘মনের মানুষ’, ‘মন্দিরে’, ‘অমর সঙ্গী’, ‘দোলা’, ‘চাঁদা’, ‘ঝংকার’, ‘আশা ও ভালোবাসা’ সহ বহু কালজয়ী সিনেমা রয়েছে এই তালিকায়। প্রসেনজিৎ-বিজয়েতার সেই আইকনিক ‘অমর সঙ্গী’র ম্যাজিক আজও আপামর বাঙালি ভোলোনি। আজ সেই রূপোলী পর্দার কাণ্ডারির এই সংকটে গোটা টলিপাড়া তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।