শুরু হয়ে গেল অগ্রিম টিকিট বুকিং, ‘স্পাইডারম্যান’-এর কিস্সা কি এখানেই খতম?
মার্ভেল ভক্তদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান। পর্দায় আবারও ফিরছে সকলের প্রিয় ‘স্পাইডার-ম্যান’। টম হল্যান্ড (Tom Holland) এবং জ়েন্ডায়া (Zendaya) অভিনীত নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day)-এর বিশ্বব্যাপী অগ্রিম টিকিট বুকিং আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেছে। আগামী ৩১ জুলাই বিশ্ব জুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই সুপারহিরো ড্রামা।
টম হল্যান্ড এবং জ়েন্ডায়া যৌথ ভাবে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বিশ্ব জুড়ে টিকিট বিক্রি শুরু হওয়ার এই ঘোষণাটি করেছেন। তবে এই খবরের পাশাপাশি বাস্তব জীবনেও এই তারকা জুটির ভক্তদের জন্য এসেছে এক বিরাট সারপ্রাইজ়। সিনেমার পর্দায় পিটার পার্কার এবং এমজে (MJ)-এর চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবেও প্রেমে পড়েছিলেন টম ও জ়েন্ডায়া। দীর্ঘদিন ধরে তাঁদের বিয়ে নিয়ে হলিউডে গুঞ্জন চললেও সম্প্রতি টম হল্যান্ড নিজেই সমস্ত জল্পনায় সিলমোহর দিয়েছেন।
এই নতুন ‘স্পাইডার-ম্যান’-এর গল্পটি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঠিক ৪ বছর পরের ঘটনা নিয়ে তৈরি। ‘ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে একটি অত্যন্ত জটিল রোগের সঙ্গে লড়াই করতে দেখা যাবে পিটারকে। এর পাশাপাশি তাকে এক অদৃশ্য ও নতুন ভিলেনেরও মুখোমুখি হতে হবে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।
জ়েন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলো (Mark Ruffalo)-এর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এই ছবিতে বেশ কয়েকটি নতুন মুখের সংযোজন ঘটছে। পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজে তাঁর জীবনে নতুন করে এগিয়ে গিয়েছে। ‘আসোকা’ (Ahsoka) খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এই ছবিতে এমজে-এর নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সেডি সিঙ্ক এই ছবিতে একটি অত্যন্ত রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় ধামাকা হলো, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল (Jon Bernthal) আবারও তাঁর আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় কামব্যাক করছেন।
শুক্রবার, ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘বুক মাই শো’ ছাড়াও আন্তর্জাতিক সমস্ত প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। এর মাঝে টম এবং জ়েন্ডায়াও জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। সেই আনন্দেও ঝড়ের গতিতে টিকিট বিকোচ্ছে। তবে এটিই ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজ়ির শেষ ছবি কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।