বার্ধক্যভাতার ২ হাজার টাকা পেতে নতুন করে ফর্ম পূরণ? যা জানা জরুরি
কলকাতা: রাজ্যে জোরকদমে চলছে বিজেপি সরকারের ‘জনকল্যাণ শিবির’। আর এই শিবিরগুলিকে ঘিরেই সাধারণ মানুষের, বিশেষত প্রবীণ নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি থেকে শুরু…
কলকাতা: রাজ্যে জোরকদমে চলছে বিজেপি সরকারের ‘জনকল্যাণ শিবির’। আর এই শিবিরগুলিকে ঘিরেই সাধারণ মানুষের, বিশেষত প্রবীণ নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি থেকে শুরু করে বার্ধক্য ভাতা, একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন বয়স্করা। যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম পূরণ করতে হচ্ছে। কিন্তু এর জেরে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে, বার্ধক্য ভাতা পেতে হলেও কি একইভাবে নতুন করে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক? প্রবল গরমে লাইনে দাঁড়ানোর আগে এই বিষয়ে সরকারের নির্দেশিকা বিস্তারিত জেনে নিন। (West Bengal Old Age Pension 2026)
বিজেপি সরকারের আমলে বার্ধক্য ভাতার পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এই বর্ধিত ভাতা পাওয়ার আশায় বহু প্রবীণ নাগরিক ফর্ম পূরণের জন্য শিবিরে ভিড় জমাচ্ছেন। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে:
যাঁরা ইতিমধ্যেই ভাতা পাচ্ছেন, তাঁদের নতুন করে কোনও আবেদন বা ফর্ম পূরণের বিন্দুমাত্র প্রয়োজন নেই। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগের মতোই স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার টাকা ঢুকতে শুরু করবে। শুধুমাত্র যাঁরা নতুন করে এই ভাতার জন্য আবেদন করতে চান, তাঁদেরই ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে এক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT – Direct Benefit Transfer) লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
হয়রানি এড়াতে প্রশাসনের কড়া বার্তা
জনকল্যাণ শিবিরের মেয়াদ আজই শেষ হচ্ছে। তবে ফর্ম পূরণের কাজ যে এখানেই থেমে যাচ্ছে, এমনটা একেবারেই নয়। প্রশাসনের তরফে বয়স্কদের অযথা শিবিরে গিয়ে গরমে কষ্ট পেতে বারণ করা হয়েছে। জানানো হয়েছে, ছুটির দিনগুলি বাদ দিয়ে স্থানীয় পুরসভাগুলিতে প্রতিদিন ফর্ম জমা নেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারত বা বার্ধক্য ভাতা, সমস্ত প্রকল্পের ফর্মই পুরসভা থেকে সংগ্রহ করা এবং সেখানে জমা দেওয়া যাবে।
কীভাবে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT) বা আধার লিঙ্ক করবেন?
ভাতার টাকা সরাসরি অ্যাকাউন্টে পেতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা জরুরি। এর সহজ পদ্ধতিগুলি হল-
ধাপ ১: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ধাপ ২: সেখানে ‘Customer’ অপশনে ক্লিক করে ‘Bharat Aadhaar Seeding Enabler’ বিকল্পটি বেছে নিতে হবে।
ধাপ ৩: এই অপশনে ক্লিক করলেই একটি নতুন ট্যাব খুলে যাবে। সেই ট্যাবের বাঁ দিকে থাকা ‘Aadhaar Seeding/Deseeding’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৪: এরপর নির্দিষ্ট স্থানে নিজের আধার কার্ডের নম্বরটি বসাতে হবে।
ধাপ ৫: আধার নম্বরের পাশেই থাকা ‘Request for Aadhaar Seeding/Deseeding’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৬: সবশেষে ‘Seeding Type’ বেছে নিতে হবে। আপনার সুবিধা অনুযায়ী ‘Fresh Seeding’, ‘Movement – Same Bank with Another Account’, অথবা ‘Movement from one bank to another account’ সিলেক্ট করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।