Udayn Guha News: স্বামী উদয়নকে তুলে নিয়ে গেল পুলিশ, স্ত্রী কেঁদে-কেঁদে বললেন, ‘শুধু-শুধু একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে’ | Undayan guha wife give reaction on her husband arrest
উদয়ন গুহ ও তাঁর স্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তোলাবাজির অভিযোগে কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এরপর গাড়িতে করে সোজা কোচবিহারে উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর স্ত্রী শাশ্বতী গুহ।
কী বললেন উদয়ন পত্নী?
এ দিন শাশ্বতী কার্যত কেঁদে ফেলেন। বলেন, “কোনও কেস নেই, কিছু নেই শুধু শুধু একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। জানেন ও খুব অসুস্থ। আগে তো প্রমাণ হোক ও টাকা তুলেছিল। আমার বলার মতো আর অবস্থা নেই।”
বাম রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের সন্তান উদয়ন গুহ। তাঁর বাবা কমল গুহ ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও বামফ্রন্ট সরকারের মন্ত্রী। উদয়ন গুহও ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজ্যের মন্ত্রীও হন। তবে উদয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। বিশেষ করে অভিযোগ ছিল তোলাবাজির।
পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে এই মুহূর্তে ছয়টি অভিযোগ রয়েছে। তবে, এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়। জানা যাচ্ছে, গত ১২ জুন শুক্রবার অভিযোগ দায়ের হয় উদয়নের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালের ‘পিকু’ (শিশু বিভাগ) তৈরি করা হয়েছিল। সেই সময় একটি NGO-র নাম করে প্রচুর টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। সেখান থেকেই অভিযোগ দায়ের হয়। বুধবার পুলিশের গাড়িতে ওঠার আগে যদিও তৃণমূল নেতা বলেন, “আমি জানিই না কেন গ্রেফতার করেছে।”