PM Narendra Modi: রুটি-নুন দিয়ে অভ্যর্থনা, এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী | Pm narendra modi receives slovakias highest civilian award wins 33rd international honour - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: রুটি-নুন দিয়ে অভ্যর্থনা, এবার স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী | Pm narendra modi receives slovakias highest civilian award wins 33rd international honour

Spread the love

ব্রাতিস্লাভা: বিশ্বমঞ্চে ফের জয়জয়কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Naremdra Modi)। প্রধানমন্ত্রীর মকুটে জুড়ল আরও এক আন্তর্জাতিক সম্মানের নয়া পালক। স্লোভাকিয়া (Slovakia) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানেই নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করলেন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদীর (Modi) প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩৩।

ধন্যবাদ জ্ঞাপন মোদীর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, এই পুরস্কার তাঁর একার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের। তিনি এই সম্মান ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেছেন।

স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে স্লোভাকিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছন তিনি। সেখানে তাঁকে রুটি ও নুন দিয়ে স্বাগত জানান প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। সেদেশের সংস্কৃতিতে অতিথিদের ব্রেড (রুটি) এবং নুন দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে পৌঁছতেই দুই নেতার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কৌশলগত সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মোদীর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পেলেগ্রিনি। পরে প্রেসিডেন্টের সঙ্গে বারাণসী-প্রেরণায় তৈরি একটি বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন মোদী। এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হয়। যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্লোভাকিয়া সফর এবং চলতি বছরে প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির ভারত সফরের পর মোদীর এই সফর ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিল বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *