Banarhat News: ‘হিসাব দাও নইলে ডিম খাও’, মহিলাদের ঘেরাওয়ের ভয়ে পালালেন ওরা | Woman showing protest to Jalapiguri Banarhat
বানারহাট (জলপাইগুড়ি): আপাতত ডিম থেরেপিতে উত্তাল বাংলা (West Bengal)। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা রাস্তায় বেরলেই তাঁদের উদ্দেশ্য় করে ছোড়া হচ্ছে ডিম। এর মধ্যেই জলপাইগুড়ি জেলার বানারহাটের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীকে ঘিরে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। নয় বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং সরকারি কৃষি-সরঞ্জাম আত্মসাতের অভিযোগ তুলে ডিম হাতে নজিরবিহীন বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা সদস্য।
সোমবার দুপুর থেকেই ডিম হাতে সংঘের অফিস ঘেরাও করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, দীর্ঘ ৯ বছর ধরে সংঘের আর্থিক লেনদেনের কোনও স্বচ্ছ হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়নি। পাশাপাশি সরকারি প্রকল্পে পাওয়া কৃষিকাজের বিভিন্ন সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলেও দাবি ওঠে।
বিক্ষোভকারীদের দাবি, হাতে হাতে ডিম দেখে ‘ডিম থেরাপির’ ভয়ে সভানেত্রী দীপা রায়-সহ সংঘের অন্যান্য কর্তারা অফিস ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, হিসাব না পাওয়া পর্যন্ত ভবনের তালা খোলা হবে না।
এ প্রসঙ্গে রাজ ছেত্রী বলেন, “দীর্ঘ ৯ বছরের হিসাব নিতে এসেছি। সম্পাদিকাকে বলেছি হিসাব বোঝাতে। অথচ সেই হিসাব বোঝাতে উনি এলেন না। উনি বলছেন, হিসাব নাকি দেবেন না। ওরা বিগত ৯ বছর দুর্নীতি করেছে।”