ঠিকাদারদের ভয় দেখিয়ে তোলাবাজি, জেলা পরিষদ সভাধিপতির পুত্র গ্রেপ্তার
এই সময়, বাঁকুড়া: সরকারি ঠিকাদারদের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে অনিন্দ্য রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল তালড্যাংরা থানার পুলিশ। ধৃত অনিন্দ্য রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে। কলকাতা থেকে গ্রেপ্তারের পরে ধৃতকে খাতড়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালড্যাংরা থানার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা তথা সরকারি ঠিকাদার শান্তনু মণ্ডল সম্প্রতি অনিন্দ্যর বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগ দায়ের করেন। শান্তনুর দাবি, বিভিন্ন সরকারি কাজের জন্য ২০২৪–এর ফেব্রুয়ারি থেকে ২০২৫–এর ফেব্রুয়ারি মাসের মধ্যে অনিন্দ্য ও তাঁর দলবলকে তিনি ৩৯ লক্ষ টাকা তোলা দিতে বাধ্য হন।
পরে আরও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকার করেন এবং তার পর থেকেই তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে। অভিযোগকারীর দাবি, ‘বাবা ও মায়ের পদকে কাজে লাগিয়ে অনিন্দ্য রায় ও তাঁর দলবল বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেছিলেন।’
তবে এই সব অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্তের আইনজীবী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘অভিযুক্তর মা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এবং বাবা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ঠিকাদার মিথ্যা অভিযোগ দায়ের করে ফাঁসানোর চেষ্টা করেছেন।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।