‘খুব অন্যায়…’, রাহুলের মৃত্যু-তদন্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী | What instructions has the Chief Minister given regarding the investigaion into Rahul Banerjee’s untimely death
২৯ মার্চ বালাসোরে শুটিং করতে গিয়ে অকাল মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজিত ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। শুটিং করতে গিয়ে কীভাবে জলে তলিয়ে মৃত্যু হলো রাহুলের, তার উত্তর খুঁজছেন বাংলার মানুষ। এই ঘটনায় প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায় এবং আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
এবার দীঘার সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় উঠে এলো রাহুল প্রসঙ্গ। তিনি বলেন, ”বিরাট সমুদ্রতটে মাত্র ৬৩ জন নুলিয়া রয়েছে। কিছুদিন আগেই একজন চিত্র-পরিচালকের (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর ঘটনার কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) মৃত্যু এখানে ঘটেছে। ওড়িশার সরকার সিট (SIT) বানিয়েছে। আমি পূর্ব মেদিনীপুরের এসপি-কে নির্দেশ দিয়েছি, অবিলম্বে প্রশাসনের ডিরেক্টর জেনারেলের মাধ্যমে হোম সেক্রেটারিকে পাঠাতে, এই মামলাটা যাতে সিআইডি নিয়ে নেয়। ওঁর পরিবার থেকে এখানে মামলা করে গিয়েছেন। যেটা একটা ন্যাচারাল ডেথ হিসাবে অপমৃত্যুর মামলা হয়ে রয়েছে। খুব অন্যায়!” আগের সরকার কী ধরনের সমস্যা তৈরি করেছে সেই এলাকায়, তা নিয়েও সাংবাদিক বৈঠকে কথা বলেন মুখ্যমন্ত্রী।
রাহুলের মৃত্যুর পর আড়াই মাস সময় কেটে গেলেও, এখনও তদন্তে কী উঠে আসছে, তা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বারংবার প্রশ্ন করা হলেও, তিনি মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ। এতে ঘটনাকে কেন্দ্র করে রহস্য আরও ঘনীভূত হয়েছে।