Solar Panel Corruption: দুর্নীতির অঙ্ক ৭ কোটি ৪৬ লক্ষ ৩৭ হাজার ৯৮৭ টাকা ৪০ পয়সা, সৌর বিদ্যুৎও ‘চুরি’ হয়েছে তৃণমূলের আমলে? | Solar panel corruption against TMC leader worth 7 crore 46 lakh
কলকাতা: কয়লা, বালি চুরি অভিযোগের পর এবার তৃণমূল নেতার বিরুদ্ধে সৌর বিদ্যুৎ চুরির অভিযোগ। এই অভিযোগেই পুলিশের জালে আরামবাগ পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী। কাজ হওয়ার আগেই কোটি কোটি টাকা এক সংস্থাকে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কী এই গ্রিন সিটি মিশন দুর্নীতি?
মোট দুর্নীতির টাকার অঙ্ক- ৭ কোটি ৪৬ লক্ষ ৩৭ হাজার ৯৮৭ টাকা ৪০ পয়সা।
আরামবাগ পুরসভা এলাকায় ৩৩টি প্রাথমিক স্কুল ও ১১টি আপার প্রাইমারি স্কুলে ‘সোলার প্যানেল’ নামানোর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা বিরুদ্ধে।
জানা গিয়েছে, পরিকল্পনা করা হয়েছিল যে ৪৪টি স্কুলে সোলার প্যানেল বসিয়ে স্কুলগুলির চাহিদা পূরণ করা, বাড়তি বিদ্যুৎ বিক্রি করে পুরসভার কোষাগারকে মজবুত করা হবে।
দুর্নীতি কোথায়?
এই সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ই-টেন্ডার ডাকা হয়েছিল ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর। কেন্দ্রের আগেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে কাজের দায়িত্ব পেয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে ই টেন্ডার করে ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়।
কয়েকটি স্কুলে কিছু সোজা প্যানেল বসলেও বেশিরভাগ স্কুলে সোলার প্যানেল বসানো হয়নি বলে অভিযোগ। কিন্তু কাজ শেষ করার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। পুরো ৭ কোটি টাকাই পেয়ে যায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা পি অ্যান্ড টি কনস্ট্রাকশন।
২০২২-এ অডিটে ধরা পড়ে এই দুর্নীতি। যদিও তৎকালীন তৃণমূল সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। অডিটে ধরা পড়ে, বেশিরভাগ স্কুলেই সোলার প্যানেল বসেনি। যে ক’টি স্কুলে বসানো হয়েছে, তাতে স্কুলের ক্ষয়ক্ষতিই বেশি হয়েছে। বিপদ বেড়েছে পড়ুয়াদের।