PM Modi: মোদীর উপহার দেওয়া জ্যাকেট পরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, তারপর যা হল… | PM Narendra Modi Historic Slovakia Visit, Robert Fico Wears Gifted Jacket Strengthens India Slovakia Ties
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Social Media
ব্রাতিস্লাভা: কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন তিনি। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। বিশ্বের যে দেশেই তিনি যান, তাঁকে ঘিরে উন্মাদনা দেখা যায়। সেই নরেন্দ্র দামোদরদাস মোদীকে খোশমেজাজে দেখা গেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে। ব্রাতিস্লাভায় এদিন রবার্ট ফিকো মোদীর উপহার দেওয়া একটি ধূসর জ্যাকেট পরেন। যা দেখে মোদী রসিকতা করে বলেন, মনে হচ্ছে দুই নেতা অজান্তেই একই রঙের পোশাক পরে ফেলেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো আপলোড করেন। যেখানে ফিকোকে একটি সাদা শার্টের উপর স্লিভলেস জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। ওই জ্যাকেট সাধারণত বিদেশ সফরে মোদীর বিশেষ পোশাক।
যখন প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, অনুষ্ঠানে উভয় নেতাই প্রায় একই রঙের জ্যাকেট পরেছেন, তখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো ক্যামেরার সামনে পোজ দিলেন। মোদী ফিকোকে বলেন, “কী আশ্চর্য কাকতালীয় ব্যাপার, রংটা মিলে গিয়েছে।” প্রধানমন্ত্রী মোদির স্লোভাকিয়া সফরের সময় এই মুহূর্তটি দুই নেতার মধ্যের উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের এক ঝলক তুলে ধরে।
১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি সেই দেশে সফর করলেন। ভিডিয়োর ক্যাপশনে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রধানমন্ত্রী ফিকো আমার উপহার দেওয়া একটি জ্যাকেট পরেছিলেন এবং কাকতালীয়ভাবে, আজ আমাদের জ্যাকেটের রং মিলে গিয়েছিল।”
রবিবার স্লোভাকিয়ায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পান প্রধানমন্ত্রী মোদি। ১৯৯৩ সালে দেশটির স্বাধীনতার পর সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী তিনি। সোমবার ব্রাতিস্লাভায় তিনি রবার্ট ফিকোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন এবং দুই নেতা একটি শিল্প প্রদর্শনীও পরিদর্শন করেন।
ভারত ও স্লোভাকিয়া পারস্পরিক সহযোগিতা বাড়াতে ১১টি চুক্তি স্বাক্ষর করেছে। মোদী ও ফিকোর মধ্যে আলোচনার পর অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণে সহায়তার জন্য প্রধানমন্ত্রী মোদী ফিকো-রও প্রশংসা করেন।