Lebanese Loop ATM Scam: ATM-এ টাকা তুলতে গিয়ে ‘লেবানিজ লুপে’র ফাঁদে পা দিচ্ছেন না তো? কীভাবে সাবধান হবেন… | ATM Fraud Alert: Are You Falling Victim to the ‘Lebanese Loop’ Scam? Here’s How to Stay Safe
নয়া দিল্লি: ইউপিআই-র দৌলতে এখন অনলাইনেই লেনদেন করেন সবাই। কয়েক সেকেন্ডেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যায়। চায়ের দোকান থেকে শপিং মল- সর্বত্রই অনলাইনে পেমেন্ট করা যায়। তবে অনলাইন পেমেন্টের যুগেও যে নগদ টাকার প্রয়োজন বা ব্যবহার কমে গিয়েছে, এমনটা নয়। এদিকে, ক্রমাগত বাড়ছে এটিএম জালিয়াতি। টাকা তুলতে গিয়ে সামান্য ভুল হলেই সর্বনাশ হয়ে যেতে পারে। অ্যাকাউন্টে থাকা সব টাকা চুরি হয়ে যেতে পারে।
সাইবার অপরাধের পাশাপাশি এখন এটিএম প্রতারণাও বাড়ছে। সাধারণত পাঁচ ধরনের জালিয়াতি হয় এটিএমে।
সাইবার অপরাধীরা নকল এটিএম মেশিন, কার্ড স্কিমিং, নকল কিপ্যাড, লেবানিজ লুপ এবং গোপন ক্যামেরার মাধ্যমে এটিএম পিন জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়।
লেবানিজ লুপ-
এটি এটিএম জালিয়াতির চেনা পদ্ধতি। লেবানিজ লুপ জালিয়াতিতে এটিএমের কার্ড স্লটে একটি পাতলা প্লাস্টিকের স্ট্রিপ ঢুকিয়ে দেওয়া হয়। যখন কোনও গ্রাহক ডেবিট কার্ড এটিএম-এ ঢোকান, তখন কার্ড আটকে যায়। গ্রাহক মনে করেন যে এটিএম কাজ করছে না। ঠিক সেই সময়েই স্ক্যামাররা এসে সাহায্যের অভিনয় করে, কিন্তু কার্ড বের করা যায় না। গ্রাহক বাধ্য হয়ে চলে গেলেই প্রতারকরা আটকে থাকা কার্ডের মাধ্যমে টাকা চুরি করে নেয়। যদি আপনার কার্ড কোনও কারণে আটকে যায়, তাহলে অবিলম্বে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অথবা এটি ব্লক করে দিন।
নকল কি-প্যাড-
এটিএম-এ অনেক সময়ই নকল কিপ্যাড বসানো থাকে। গ্রাহক যখন এটিএম পিন দেন, তখন এই কিপ্যাডের মাধ্যমে সমস্ত তথ্য রেকর্ড হয়ে যায়। তারপরে সেই তথ্য দিয়েই এটিএম থেকে টাকা তুলে নেয় প্রতারকরা।
গোপন ক্য়ামেরা-
এটিএমে গ্রাহকদের পিন নম্বর খুঁজে বের করার জন্য এটিএম মেশিনের কাছে গোপন ক্যামেরা বসানো থাকে। এটিএমে পিন দেওয়ার সময় সব তথ্য রেকর্ড হয়ে যায়। পরে প্রতারকরা ডামি কার্ড ঢুকিয়ে বা কার্ড ক্লোন করে, এটিএম পিন বসিয়ে অ্যাকাউন্টের টাকা চুরি করে নেয়।
প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?
- এই ধরনের প্রতারণা এড়াতে এটিএমে পিন নম্বর দেওয়ার সময় হাত দিয়ে কিপ্যাড ঢেকে রাখুন।
- আশেপাশে কাউকে সন্দেহজনক মনে হলে সতর্ক থাকুন, প্রয়োজনে এটিএম থেকে বেরিয়ে আসুন।
- এটিএম মেশিনে নকল ডিভাইস বসানো রয়েছে, মনে হলে তাতে কার্ড ঢোকাবেন না।
- শুধুমাত্র বিশ্বস্ত, নিরাপদ জায়গায় ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা উচিত। নির্জন এবং অল্প আলো যেখানে, সেই এলাকার এটিএম ব্যবহার না করাই ভালো।