Aadhaar Card Ban: ১৮ বছরের বেশি বয়সীরা আর তৈরি করতে পারবেন না আধার কার্ড! বিরাট সিদ্ধান্তের ঘোষণা | Aadhaar Card Ban in Assam, Adults Above 18 Will No Longer Be Allowed to Get Aadhaar Card, Himanta Biswa Sarma’s Big Announcement Against Infiltrators
গুয়াহাটি: অনুপ্রবেশ রুখতে কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন পদক্ষেপ করছে। এবার বিরাট সিদ্ধান্ত। ১৮ বছরের বেশি বয়সীদের আর নতুন আধার কার্ড (Aadhaar Card) তৈরি করতে দেওয়া হবে না। অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে যাতে বেআইনিভাবে সরকারি নথি তৈরি করতে না পারে, তার জন্য়ই এই সিদ্ধান্ত।
১৮ বছরের পর আধার কার্ড পাওয়া যাবে না-
১৮ ঊর্ধ্বদের আধার কার্ড ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার (Assam Government)। গত ১৩ জুন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) এই ঘোষণা করেন। তিনি জানান, ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে অনুপ্রবেশকারীরা যাতে বৈধ ভারতীয় নথি তৈরি করতে না পারে, তার জন্য ১৮ বছরের বেশি বয়সীদের নতুন করে আধার কার্ড ইস্যু করা হবে না।
কেন এই সিদ্ধান্ত?
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে অসমের অনেক জেলাতেই নাগরিকদের আধার কার্ড দেওয়ার হার ১০০ শতাংশ হয়ে গিয়েছে। অর্থাৎ আনুমানিক সকলেই আধার কার্ড পেয়ে গিয়েছেন। সেই কারণেই এবার আধার কার্ড নিয়ে এত কড়াকড়ি। বিশেষ ক্ষেত্রে কেউ যদি ১৮ বছর বয়স পার করার পর আধার কার্ডের আবেদন করেন, তাহলে জেলা কমিশনারকে রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়ে প্রস্তাব পাঠাতে হবে।
হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানান যে কোনও অবৈধ বাংলাদেশি যাতে আধার কার্ড না পায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা এখন আধার কার্ড পাবেন?
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চা শ্রমিক, জাতি, জনজাতি ও বিশেষভাবে সক্ষম যারা, তারা অনেকেই আধার কার্ড পাননি। তাদের আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। অনুর্ধ্ব ১৮-দেরও নতুন আধার কার্ড তৈরি করে দেবে রাজ্য সরকার।
তবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে রাজ্যে আধার কার্ড ইস্যু সম্পূর্ণ ব্যান হয়ে যাবে। তখন এই সম্প্রদায়ের মানুষ এবং ১৮ ঊর্ধ্বরাও আধার কার্ড আর তৈরি করতে পারবেন না।