হাঁটুর অস্ত্রোপচারে নতুন প্রযুক্তি শহরে
হাঁটুর অস্ত্রোপচারে নতুন প্রযুক্তি চালু হলো শহরে। পরিষেবার কথা ঘোষণা করে অ্যাপোলো হাসপাতালের দাবি, ‘প্রিসিশন পার্শিয়াল নি রিকনস্ট্রাকশন সার্জারি’ বা ‘ইউনিকম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট’-এ হাঁটুর শুধু ক্ষতিগ্রস্ত অংশ আংশিক প্রতিস্থাপন করা হয়। ফলে সুস্থ হাড়, লিগামেন্ট ও আশপাশের টিস্যু অক্ষত থাকে এবং রোগী তুলনামূলক দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইএম বাইপাসের ওই বেসরকারি হাসপাতালের অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিল্যা ও সৌমেন করের দাবি, এই অস্ত্রোপচারে ১০ বছর পরেও কার্যকারিতা ৯৩ শতাংশ এবং ১৫ বছর পরে ৮৯ শতাংশ বজায় থাকে। এমনিতেই নানা কারণে হাঁটুর ক্ষয়জনিত সমস্যা বাড়ছে। তাই এই প্রযুক্তি সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন পিছিয়ে দিতে বা এড়াতে সাহায্য করতে পারে।