ওপেন বিল স্টর্ক, ইগ্রেটদের আগমনে মুখরিত কুলিক
২০২৪-এ পাখির সংখ্যা ছিল ৯৬ হাজার ৭১৯টি। যার মধ্যে ওপেন বিল স্টর্ক ৭১,০২২টি, নাইট হেরন ৩,০২১, ইগ্রেট ১৬,২৮২, করমর্যান্ট ৬,১৪৩ এবং গ্লসি আইবিসের সংখ্যা ছিল ২৫১টি। ২০২৫-এ পাখির সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৫৮টি। যার মধ্যে ওপেন বিল স্টর্ক ৬৯,৫৫৮টি, নাইট হেরন ৩,৫৫৭টি, ইগ্রেট ১৫,৪৮৬, করমর্যান্ট ৯,৯৫১ এবং গ্লসি আইবিসের সংখ্যা হয় ১,৫০৬টি। এ বছর বৃষ্টির পরিমাণ এবং কুলিকের পরিবেশ পাখিদের জন্য যথেষ্ট অনুকূল হওয়ায় পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পরিবেশপ্রেমী এবং বনাধিকারিকরা। পাখির সংখ্যা বৃদ্ধির বিষয়টি পর্যটকদেরও আরও বেশি করে আকর্ষণ করবে বলে মনে করছেন তাঁরা। রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া বলেন, ‘এ বছর পাখিদের জন্য পরিবেশ অনুকূল। ফলে গত বছরের তুলনায় এ বার কুলিকে পাখির সংখ্যা অনেকটাই বাড়বে।’ উত্তর দিনাজপুর জেলা বনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, ‘১০-১৫ দিন আগে থেকে পাখি আসা শুরু হয়েছে। বিভিন্ন জলাশয়গুলি পরিষ্কার করে মাছ, শামুক ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সামগ্রিক পরিস্থিতি পাখিদের অনুকূলেই রয়েছে।’