ঘরদোরকেও হতে হবে স্মার্ট! কোন গ্যাজেটে বাজিমাত? - 24 Ghanta Bangla News
Home

ঘরদোরকেও হতে হবে স্মার্ট! কোন গ্যাজেটে বাজিমাত?

Spread the love

সুপর্ণ মুখোপাধ্যায়

চোখের পলক পড়ার আগেই বাড়িটা স্মার্ট হয়ে যাবে, এমন স্বপ্ন অনেকেরই আছে। এখন স্মার্ট হাউসও একটা ট্রেন্ড। যেখানে থাকবে পাহারাদার ক্যামেরা থেকে রোবোটিক ভ্যাকিউম ক্লিনার, ভয়েস এনাবেল্ড ডিভাইস থেকে আরও কত কী। ঘরের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে নতুন কিছু গ্যাজেট। দেখে নেওয়া যাক এমনই সাতটি গ্যাজেট, যা আপনার বাড়িকে বানাবে সত্যিকারের স্মার্ট হোম।

স্মার্ট হোমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিসি ক্যামেরা। বাড়ির বা ফ্ল্যাটের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এই ক্যামেরা খুবই উপযোগী। কে আছে, কে যাচ্ছে— তার উপরে ২৪ ঘণ্টা নজরদারি চালায় এই ক্যামেরা। শুধু তাই নয়, নাইট ভিশন, মোশন সেন্সর এর মতো বেশ কিছু নতুন এবং উপযোগী ফিচার এই ক্যামেরাকে করে তুলেছে স্মার্ট হোমের জন্য একটা মাস্ট প্রোডাক্ট। ২ জিবি থেকে ২৫ জিবি পর্যন্ত ফুটেজ সংরক্ষণ করে রাখতে পারে এই ক্যামেরা। একই সঙ্গে দিন-রাত পাহারার কাজটাও চালায়।

বাজারে বিভিন্ন মানের ও দামের সিসি ক্যামেরা পাওয়া যায়। তবে টেক বিশেষজ্ঞরা বলছেন, একটু দাম দিয়ে এই ক্যামেরা কেনাই ভালো। আর যদি তাতে মোশন সেন্সর থাকে, সেটা বেস্ট। এ ছাড়াও দেখে নেওয়া দরকার ছবির মান কেমন। আর অবশ্যই যেন মোবাইলে রিয়েল টাইম মনিটরিং করার সুযোগ থাকে।

এর পরে আসা যাক স্মার্ট ক্লিনিংয়ে। ঘর নোংরা হবে, যেখানে-সেখানে জল পড়বে এটা তো রোজকার বিষয়। সেটা ক্লিন করার দায়িত্বটা দিয়ে দিন, স্মার্ট রোবো ভ্যাকিউম ক্লিনারকে। অটো মোডে চলা এই ক্লিনার চলে সেন্সরের সাহায্যে। এতে থাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। মোবাইল অ্যাপ দিয়ে পরিচালিত হয় এই ক্লিনার। যেখানেই ধুলো বা জল পড়ে থাকে, সেন্সরের মাধ্যমে খবর পেয়ে সেখানে নিজেই পৌঁছে যায় এই ক্লিনার। নিমেষে পরিষ্কার করে দেয় জল কিংবা ধুলো। স্মার্ট হোম করতে হলে এই রোবো ক্লিনার আপনার কিন্তু চাই-ই চাই। এরও বাজারে বেশ কিছু অপশন এসেছে। সেখান থাকে বাজেট অনুযায়ী বেছে নিতে পারবেন। তবে এটা কেনার আগে মাথায় রাখবেন— এটির ব্যাটারি যেন উচ্চ ক্ষমতার হয়। না হলে এটি বেশিক্ষণ কাজ করতে পারবে না।

স্মার্ট হোমের ভয়েস কন্ট্রোলে চলা ডিভাইসগুলো দেখে নেওয়া যাক। এই তালিকায় প্রথমে নাম আসে স্মার্ট স্পিকার এর। অ্যালেক্সার দৌলতে স্মার্ট স্পিকার এখন বিশ্ববন্দিত। এই স্পিকার বাড়ির যে কোনও স্মার্ট ডিভাইস— যেমন, ফ্যান, টিভি চালিয়ে দেয় নির্দেশ দিলেই। শুধু তাই নয়, স্মার্ট প্লাগ থাকলে ঘরের এসি ও চালানো যায় এই স্মার্ট স্পিকার দিয়ে। তাই এই তীব্র গরমে ঘরে ঢোকার আগে আপনি অ্যালেক্সাকে নির্দেশ দিলেই সে চালিয়ে রাখবে এসি। অ্যালেক্সার বেশ কিছু উন্নত সংস্করণ বেরিয়েছে বাজারে। এ ছাড়াও আপনি অন্য স্মার্ট স্পিকারও কিনতে পারেন।

স্মার্ট স্পিকার চালাতে গেলে কিন্তু ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই স্মার্ট হতে হবে। না হলে স্মার্ট স্পিকারের তেমন কোনও কাজই থাকবে না। এর জন্য সবার আগে যেটা দরকার, সেটা হলো স্মার্ট লাইট। স্মার্ট লাইট এখন একটা ট্রেন্ড। এই লাইট কেনার এখন প্রচুর অপশন। তাই দেখে কেনার প্রচুর সুযোগ রয়েছে। তবে কেনার আগে দেখে নিতে হবে, এই লাইট কতগুলো রঙে জ্বলে। আর টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে সঙ্গে আলো রং বদলায় কি না। যদি হয়, সেই স্মার্ট লাইট আপনার বাড়ি বা ফ্ল্যাটে এনে দেবে কুল ফিলিং।

এই সপ্তাহে আপাতত এই পর্যন্ত। আগামী সপ্তাহে থাকছে আরও কিছু খোঁজ। (চলবে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *