‘মানুষকে ভালোবাসলে মানুষ…’ বং গাইয়ের সঙ্গে ছবি পোস্ট করে কী ইঙ্গিত বান্ধবী অন্তরার? | The bong guy kiran dutta marriage rumors alu the french fry post
বাঙালি নেটিজেনদের অতি পরিচিত মুখ, ডিজিটাল দুনিয়ার ‘দ্য বং গাই’ (The Bong Guy) ওরফে কিরণ দত্ত কি এবার সত্যিই ছাদনাতলায় বসতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় কান পাতলে কিন্তু এই গুঞ্জনই এখন সবচেয়ে জোরালো। নিজের ব্যাচেলর জীবনের ইতি টেনে ২০২৬ সালেই নাকি চার হাত এক হতে চলেছে তাঁর। পাত্রী আর কেউ নন, তাঁর দীর্ঘদিনের চেনা মানুষ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অন্তরা রায়চৌধুরী—যাঁকে নেটপাড়া একডাকে চেনে ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ (Alu The French Fry) নামে।
সম্প্রতি অন্তরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিরণের সঙ্গে অত্যন্ত মিষ্টি এবং আদুরে কিছু ছবি ভাগ করে নিয়েছেন, যা দেখার পর থেকেই অনুরাগীদের মনে বিয়ের জল্পনা দ্বিগুণ হয়ে উঠেছে।
শেয়ার করা ছবিগুলোতে এই তারকা জুটির চেনা রসায়ন ধরা পড়েছে। কোথাও অন্তরাকে দেখা যাচ্ছে কিরণের গালে আদুরে চুম্বন আঁকতে, আবার কোথাও কিরণ জড়িয়ে ধরেছেন তাঁর প্রেমিকাকে। তবে এই রোমান্টিক ফ্রেমের চেয়েও নেটিজেনদের চোখ টেনেছে ছবির সঙ্গে দেওয়া অন্তরার ক্যাপশনটি। নিজের চেনা মজার মেজাজে তিনি লিখেছেন, “বলতেই পারতাম যে আমার শাশুড়ি কাপড়টা দিয়েছেন, আমার ননদ সেটা সেলাই করেছে আর আমি ডিজাইন করেছি… কিন্তু আমি শান্তি বজায় রাখাই শ্রেয় মনে করলাম।”
এখানেই শেষ নয়, নজর এড়াতে ক্যাপশনের শেষে রসিকতা করে জুড়ে দিয়েছেন, “নজর দিও না! মানুষকে ভালোবাসলে মানুষ তোমাকেও ভালোবাসবে।” ক্যাপশনে এই ‘শাশুড়ি’ এবং ‘ননদ’ শব্দের ব্যবহার দেখেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি। অনেকেরই ধারণা, দুই পরিবারের মধ্যে হয়তো বিয়ের পাকা কথা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যার ইঙ্গিত নিজের পোস্টে গোপনে দিয়ে রাখলেন অন্তরা।
প্রিয় ইউটিউবারের এই পোস্ট দেখার পর থেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা আর মজার মন্তব্যের বন্যা বয়ে গেছে। অনুরাগীদের কেউ লিখেছেন, ‘বং গাই এবার বং জামাই হতে চলল’, আবার কেউ সরাসরি জিজ্ঞেস করে বসেছেন সানাই বাজার আসল তারিখটা।
ইউটিউব বা ডিজিটাল দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। কিরণ ও অন্তরা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা, তবে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এতদিন খুব একটা মুখ খোলেননি তাঁরা। তবে ২০২৬-এর এই নতুন গুঞ্জন এবং অন্তরার ‘ফ্যামিলি ড্রাফট’ ক্যাপশন কিন্তু স্পষ্ট জানান দিচ্ছে, শুভ পরিণতি আর বেশি দূরে নেই। এখন শুধু অপেক্ষা, ‘দ্য বং গাই’ নিজে কবে অফিশিয়ালি তাঁর বিয়ের কার্ড সামনে আনেন।