কল্যাণের পথেই ক্ষোভের আগুন এমপি–এমএলএদের
এই সময়, কলকাতা ও মালদা: ক্ষোভের আগুন একেবারে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরে বৃহস্পতিবারই পৌঁছে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান আইনজীবী–সাংসদ তৃণমূলনেত্রীকে আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নয় তাঁর মতো দীর্ঘদিনের জোড়াফুল–কর্মীকে বেছে নিতে হবে। বস্তুত, ৪ মে ভোটের রেজ়াল্টের পরে দিকে দিকে ভাঙনের আবহেও কালীঘাটের নেতৃত্বের তরফে গোলকিপারের ভূমিকায় অবতীর্ণ হওয়া কল্যাণ যে ভাষায় অভিষেককে নিয়ে বিঁধেছেন তৃণমূলনেত্রীকে, তা এখনও বিদ্রোহী শিবিরের কেউ করেননি, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। কল্যাণের এই আল্টিমেটামের পরে শুক্রবার জোড়াফুলের অনেক বিধায়ক–সাংসদ খোলাখুলিই আক্রমণ শাণিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে। তাঁকে ঘিরে এই আক্রমণের ঢেউয়ের মুখে এ দিন অভিষেক বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটূ কথা বলার। ছোট থেকে মানুষ করেছেন। বড় হতে দেখেছেন।’ যদিও এরপরে কল্যাণ আর কোনও মন্তব্য করেননি।