Suvendu Adhikari: দুর্গাপুজোর ক্লাবগুলি কি এবার অনুদান পাবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু | Will Durga Puja Clubs Receive Grants Under Suvendu Adhikari Government, CM Breaks Silence
কলকাতা: তৃণমূল সরকারের (TMC Government) আমলে দুর্গাপুজোয় লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে ক্লাবগুলিকে (Durga Puja Club)। গতবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়েছিলেন। তবে, এবার সরকার বদলেছে। সেক্ষেত্রে, অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, নতুন সরকারের আমলে কি অনুদান পাবে পুজোর ক্লাবগুলি? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
দুর্গাপুজো ক্লাবগুলি অনুদান পাবে?
আজ এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গাপুজো নিয়ে বা দুর্গাপুজোর ক্লাবে অনুদান নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। তবে, এই বিষয়ে খুব দ্রতই তথ্য-সংস্কৃতি দফতরের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই অনুদান নিয়ে আলোচনা হবে। তবে, কারা অনুদান পাবেন, আর কারা পাবেন না, সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, মূলত ছোট ক্লাবগুলিতে আর্থিক অনুদান পাওয়া উচিত। আর যে ক্লাবগুলোর সামর্থ্য রয়েছে, তাঁদের অনুদান না নিলেও কোনও সমস্যা হবে না।
একপ্রকার বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তিনি স্পষ্ট করে দেন, ‘পুজো অনুদান তাঁরাই পাবেন, যাঁদের অর্থের দরকার। যাঁদের প্রয়োজন নেই, তাঁদের দেওয়ারও প্রয়োজন নেই।’ অর্থাৎ অর্থের অভাবে যে ক্লাবগুলি পুজো করতে পারবে না, তাদেরই অনুদান দেওয়া হবে। তবে এই বিষয়ে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার পুজো বেশি হবে।
তৃণমূলের পুজোর অনুদান
তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০১৮ সালে দুর্গাপুজোর অনুদান ঘোষণা করেছিলেন। প্রথম বছর দুর্গাপুজোর ক্লাবগুলিকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর প্রায় প্রত্যেক বছরে অনুদান বাড়িয়েছিলেন মমতা। নেতাজি ইন্ডোরে আলাদা করে ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করতেন। সেখানেই প্রত্যেক বছর অনুদান ঘোষণা করতেন। গত বছর সেই অনুদান বেড়ে হয় ১ লক্ষ ১০ হাজার।