Finance Department: শেষ মুহূর্তে মেয়াদ-বৃদ্ধির প্রস্তাব আর নয়, নির্দেশিকা জারি করল অর্থ দফতর | No More Last Minute Tender Extensions, WB Finance Dept Issues Guidelines
কলকাতা: নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং ও ডায়েট সরবরাহকারী সংস্থা নিয়োগে নতুন নির্দেশিকা জারি অর্থ দফতরের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে সব প্রশাসনিক দফতরকে। সংশ্লিষ্ট পরিষেবার টেন্ডার GeM (Government e-Marketplace) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার উপর জোর দেওয়া হচ্ছে।
অনেক সময় কোনও সংস্থা শেষ মুহূর্তে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়ে থাকে। তাতে লাগাম টানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সংস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সাধারণভাবে বিবেচনা করা হবে না। শুধুমাত্র অত্যন্ত জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে মেয়াদ বৃদ্ধির আবেদন গ্রহণযোগ্য হবে বলেই নবান্ন সূত্রে খবর।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে টেন্ডার নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। উঠেছে স্বজনপোষণের অভিযোগ। এবার প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ও যে কোনও ক্ষেত্রে দক্ষতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। বৃহস্পতিবার এই নির্দেশিকা দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা। বিজ্ঞপ্তি জারি করেছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র।