আচমকাই অচল Facebook! Instagram ও Threads-এও সমস্যা, বিপাকে লক্ষ লক্ষ ইউজ়ার
Big Breaking: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা হঠাৎ করেই বিভ্রাটের মুখে। সারা বিশ্ব জুড়ে ‘ডাউন’ রয়েছে মেটা। এর জেরে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজ়াররা ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। লগ-ইন করা, পোস্ট দেখা বা ছবি আপলোড-সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইউজ়াররা নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন।
শুধু ফেসবুকই নয়, Meta-র অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং থ্রেডস-এও একই ধরনের সমস্যার অভিযোগ উঠেছে। ফলে এটি Meta-র সার্বিক প্রযুক্তিগত সমস্যার অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এখনও পর্যন্চ এই সমস্যা চলছে। জনপ্রিয় ওয়েবসাইট Down Detector-এ ইউজ়াররা সমস্যার রিপোর্টও শুরু করেছেন।
সারা বিশ্বে এই সমস্যায় বিপদে পড়েছেন লক্ষ লক্ষ ইউজ়াররা। ফেসবুক বিভ্রাট নিয়ে ৪০ হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে কেন এই সমস্যা হচ্ছে, তার প্রকৃত কারণ সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, Facebook-এর মতো বড় প্ল্যাটফর্মে এমন বড় ধরনের বিভ্রাট খুব একটা দেখা যায় না। গত কয়েক মাস, এমনকি এক বছরেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য কোনও বড় প্রযুক্তিগত সমস্যার খবর সামনে আসেনি। তাই আচমকা এই পরিষেবা বিপর্যয় ইউজ়ারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বড় প্রযুক্তি সংস্থাগুলির ক্ষেত্রেও সার্ভার সমস্যা, নেটওয়ার্ক ত্রুটি বা প্রযুক্তিগত আপডেটের কারণে সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে। তবে Meta-র পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সমস্যার সঠিক কারণ জানা সম্ভব নয়।