Trinamool Congress MP: ‘সই থাকলে কাগজ দেখান…’, কাকলিকেই উল্টো চাপ প্রতিমার, ৪ তারিখে কোথায় ছিলেন? | TMC MP Pratima Mondal refused to join Rebel MPs with Kakali Ghosh Dastidar, Shatabdi Roy
কলকাতা: দিল্লির তৃণমূল শিবিরের ‘গোপন’ বৈঠক অব্যাহত। দফায় দফায়
মুখোমুখি হচ্ছেন বিক্ষুব্ধরা। গত সোমবার একটি ছবি সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে ঠিকই, তবে যে ২০ জন সই করেছে বলে দাবি করছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাঁদের সবার ছবি সেখানে নেই। ছবি নেই প্রতিমা মণ্ডলের। তিনি সেই তালিকায় আছেন কি না, এবার নিজেই খোলসা করলেন।
৪ তারিখে কোথায় ছিলেন প্রতিমা?
মাত্র ৮ জন সাংসদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকে, তাহলে বাকিদের তালিকায় নাম থাকছে প্রতিমা মণ্ডলের। কিন্তু TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমা সাফ জানালেন, কোনও বৈঠকে তিনি যাননি। প্রতিমা বলেন, “শতাব্দী কেন, আমি কারও বাড়িতেই যাইনি। ৪ তারিখে এস্টিমেট কমিটির বৈঠক ছিল। ৩ তারিখ রাতে দিল্লিতে পৌঁছই। ৪ তারিখেই বিকেল ৪টা ১০-এর বিমানে কলকাতায় চলে আসি। আর যাইনি।”
বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে সই করেছেন প্রতিমা?
প্রতিমা সাফ জানালেন, তিনি কোনও কাগজে সই করেননি। কাকলি ঘোষ দস্তিদারকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “১৯ জন সাংসদের সই থেকে থাকলে কাগজ দেখান। আমার সিদ্ধান্ত যেন কেউ না নেয়, আমার সিদ্ধান্ত আমি নেব। যারা আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে, তারা বললে আমি চলে যাব।” কাকলির সঙ্গে কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন তিনি।
বিক্ষুব্ধ শিবিরের নেতা-নেত্রীরা যে বারবার বলছেন, দুর্নীতির জেরে দলের এই বিপর্যয়, সে কথা মেনে নিচ্ছেন জয়নগরের সাংসদ প্রতিমাও। তবে এই শিবির বদলে তাঁর সায় নেই। প্রতিমা বলেন, “দুর্নীতি হয়েছে বলেই তো আমরা ক্ষমতায় আসিনি। তাই বলে দলের বিপদের দিনে দলকে আরও কালিমালিপ্ত করা আমি মেনে নিচ্ছি না।”