AI Ticket Confirmation Prediction: ওয়েটিং লিস্টের ঝামেলা থাকল না, এবার AI বলে দেবে আপনার টিকিট কনফার্ম হবে কি না | Indian Railways: From August Month Artificial Intelligence Can Now Predict Whether Your Train Ticket Will Be Confirmed
নয়া দিল্লি: বিরাট ভোলবদল করতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। টিকিট বুকিং সিস্টেমে এই দশকের সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী অগস্ট মাস থেকে রেলের রিজার্ভেশন সিস্টেম (Reservation System) বদলে যাবে। ১৯৮৬ সাল থেকে যে সিস্টেম এতদিন ব্যবহার করে আসছিল ভারতীয় রেলওয়ে, তা এবার বদলাতে চলেছে।
জানা গিয়েছে, আগামী অগস্ট মাস থেকে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করা হবে। ট্রেনের টিকিট বুকিং যাতে আরও দ্রুত হয়, বুকিং ক্য়াপাসিটি অর্থাৎ বুকিং করার ক্ষমতা বাড়ে এবং যাত্রীদের সুখকর অভিজ্ঞতা দেওয়া যায়, তার জন্যই নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি সপ্তাহেই রেল ভবনে এই প্রজেক্টের কাজ কতদূর এগোল, তা পর্যালোচনা করে দেখেন।
৪০ বছরের সিস্টেমকে বিদায়-
বর্তমানে যে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম রয়েছে, তা ১৯৮৬ সালে চালু হয়েছিল। প্রায় চার দশক ধরে এই সিস্টেমে ভর করেই ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং সিস্টেম চলছিল। মাঝে প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করা হয়েছে এই সিস্টেম, তবে এবার সম্পূর্ণ ভোল বদলাতে চলেছে রিজার্ভেশন সিস্টেম।
কেমন হবে নতুন বুকিং ব্যবস্থা?
৭ সেকেন্ডে বুকিং-
বর্তমানে ট্রেনের ৮৮ শতাংশ বুকিংই অনলাইনে হয়। রেলের তরফে জানানো হয়েছে, নতুন রিজার্ভেশন প্ল্যাটফর্ম আধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। এতে আরও অনেক বেশি পরিমাণে টিকিট বুকিং গ্রহণ করা সম্ভব। আগের মতো অনলাইনে টিকিট কাটতে সময়ও লাগবে না, মাত্র সাত সেকেন্ডেই টিকিট কাটা হয়ে যাবে। এতে সবথেকে বেশি সুবিধা হবে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে। আরও কম সময়ে টিকিট কাটা যাবে।
রেলওয়ান অ্যাপ-
রিজার্ভেশন আপগ্রেডের আরেকটি অংশ হল রেলওয়ান অ্যাপ, যা ২০২৫ সালের জুলাই মাস থেকে চালু হয়েছে। ইতিমধ্যেই সাড়ে তিন কোটি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। এই অ্যাপে ব্যবহারকারী টিকিট বুকিং বা ক্যানসেল করার পাশাপাশি ট্রেন কোথায় আছে, তার স্টেটাস দেখতে পারবেন। খাবার বুকিং থেকে শুরু করে অভিযোগ জানানো-সবই করা যাবে।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-
রেলওয়ে বুকিং সিস্টেমে সবথেকে বড় যে বদল আসতে চলেছে, তা হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র মাধ্যমে ওয়েটিং লিস্ট প্রেডিকশন টুল ব্যবহার করা হবে। এতে টিকিট বুকিংয়ের সময়ই জানা যাবে আপনার টিকিট কনফার্ম হবে কি না। ওয়েটিং লিস্টে থাকা টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা, তাও জানা যাবে এই এআই টুলের মাধ্যমে। ৯৪ শতাংশ নির্ভুল পূর্বাভাস দিচ্ছে এই টুল।