৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল নৌকো, মৃত্যু ২ তীর্থযাত্রীর, মহারাষ্ট্রে চাঞ্চল্য - 24 Ghanta Bangla News
Home

৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল নৌকো, মৃত্যু ২ তীর্থযাত্রীর, মহারাষ্ট্রে চাঞ্চল্য

Spread the love

তীর্থযাত্রীদের নিয়ে উল্টে গেল নৌকা। বুধবার দুপুরে মহারাষ্ট্রের বীড়ে জেলার এই ঘটনায় ২ জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রণীলা শেষরাও রাঠোর। অন্য জনের পরিচয় জানা যায়নি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাঁর চিকিৎসা চলছে। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নৌকাটি উল্টে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাজলাগাঁও থেকে পুরুষোত্তমপুরী মন্দিরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। মাঝে গোদাবরী নদী পড়ে। প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে রওনা দেয় নৌকা। কিন্তু ঘাট ছেড়ে কিছুটা এগোতেই কাত হয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যে উল্টে যায় নৌকা। ভেসে যান যাত্রীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ভয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীদের অনেকে।

আর্তনাদ শুনে স্থানীয় জেলে এবং কয়েকজন যুবক নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বেশ কয়েক জন তীর্থযাত্রীকে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বেশ কয়েক জন অচৈতন্য যাত্রীকে উদ্ধার করেন তাঁরা। আহতদের মাজলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় দু’জনের।

স্থানীয় প্রশাসনের দাবি, মন্দিরে যাওয়ার জন্য হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন। সেই বিপুল ভিড়ের সুযোগ নিয়ে কিছু নৌকাচালক অতিরিক্ত মুনাফার আশায় নিরাপত্তা বিধিকে উপেক্ষা করে যাত্রী তুলেছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত এক মাসে একই এলাকায় এটি তৃতীয় নৌ-দুর্ঘটনা। গত সোমবারও ভক্তবোঝাই একটি নৌকা নদীতে উল্টে গিয়েছিল। তবে স্থানীয়দের তৎপরতায় সেই ঘটনায় সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। কোনও প্রাণহানি ঘটেনি। আবার গত ১৯ মে, মাজলগাঁওয়ের এক যুবক একই নদী এলাকায় স্নান করতে নেমে ডুবে মারা যান।

পরপর দু’টি ঘটনার পরেও প্রশাসন ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা, কিংবা প্রতিটি নৌকায় নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী না তোলার নিয়ম কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *