বুধ–বিকেলের কালবৈশাখীতে ৬ ডিগ্রির পারদ–পতন কলকাতায় - 24 Ghanta Bangla News
Home

বুধ–বিকেলের কালবৈশাখীতে ৬ ডিগ্রির পারদ–পতন কলকাতায়

Spread the love

এই সময়: হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা পেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি উত্তর–পশ্চিম বিহার ও সংলগ্ন অঞ্চলের উপরে মাটি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই ওয়েদার সিস্টেমের যৌথ প্রভাবে ৩–৪ দিনের মধ্যে বাংলার বেশ কিছুটা অংশ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওডিশার একাংশে প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে ঢুকে পড়া দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু।

এমনিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রাক–বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও দিনের বেশির ভাগ সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছচ্ছে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতিতে। যদিও এই বাষ্পই অতি দ্রুত জমে উঠে কিউমুলোনিম্বাস মেঘের স্তূপ তৈরি করে অল্প সময়ের মধ্যে তুমুল বৃষ্টি ঘটাচ্ছে। বুধবার কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে এমনটাই ঘটেছে।

প্রবল আর্দ্রতায় এ দিন দুপুর পর্যন্ত ঘেমেনেয়ে জেরবার মহানগরের আকাশে হঠাৎ কালো মেঘ জমতে থাকে তিনটে–সওয়া তিনটে থেকে। কিছুক্ষণের মধ্যে সেটাই কার্যত আকাশের দখল নিয়ে নেয়। শুরু হয় বজ্রবিদ্যুৎ–সহ তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া অফিস এ দিন সন্ধের রিপোর্টে জানিয়েছে, বিকেল ৪টে ৪৮ থেকে ৪৯–এর মধ্যে আলিপুরে ঘণ্টায় ৬০ কিমি গতিতে হাওয়া বয়ে গিয়েছে, দপ্তরের তথ্য অনুযায়ী যা মরশুমের সপ্তম কালবৈশাখী। অন্তত ৬০ সেকেন্ড বাতাসের গতি ঘণ্টায় ৪৫ কিমি বা তার বেশি থাকলে তাকেই কালবৈশাখী বলে আবহাওয়া বিজ্ঞানের ভাষায়। বুধবার বিকেলের ঝড়–বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ছ’ডিগ্রি সেলসিয়াস নেমে যায়, উধাও হয় আর্দ্রতাজনিত অস্বস্তিও।

মঙ্গলবারই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। সেখানে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল, শুক্রবার ডুয়ার্স এবং সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি এবং বাকি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আজ, বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের পূর্ব–পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব–পশ্চিম মেদিনীপুর এবং হুগলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিম ও মধ্য ভাগের জেলাগুলিতে বেশি ঝড়–বৃষ্টি হতে পারে। শনিবার আবার রাঢ়বঙ্গ এবং গাঙ্গেয় অঞ্চলের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা বেশি। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশির ভাগ জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *