Smart Meter: স্মার্ট মিটার কী? সুবিধা-অসুবিধা কোথায়? জেনে নিন খুঁটিনাটি | What Is a Smart Meter? Benefits, Disadvantages, Recharge Process and Everything You Need to Know - 24 Ghanta Bangla News
Home

Smart Meter: স্মার্ট মিটার কী? সুবিধা-অসুবিধা কোথায়? জেনে নিন খুঁটিনাটি | What Is a Smart Meter? Benefits, Disadvantages, Recharge Process and Everything You Need to Know

Spread the love

স্মার্ট মিটার নিয়ে খুঁটিনাটি জেনে নিন

কলকাতা: আপনার মাসে কত টাকার বিদ্যুতের বিল আসবে? বিল হাতে পাওয়ার আগে জানতে পারেন না। বেশি বিদ্যুতের বিল আসবে কি না, তা নিয়েও অনেকসময় চিন্তায় থাকেন। এইসব চিন্তা দূর করবে প্রিপেইড স্নার্ট মিটার। কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার। জেনে নিন, স্মার্ট মিটার কী, কীভাবে কাজ করে এই স্মার্ট মিটার? এর সুবিধা ও অসুবিধা কী?

স্মার্ট মিটার কী?

এখন বিদ্যুৎ বিল আপনি মাসের শেষে দেন। তাও বিল পাওয়ার পর। প্রতিদিন আপনার কত টাকার বিদ্যুৎ খরচ হল, সেটা জানতে পারেন না। সেটাই জানা যায় স্মার্ট মিটারে। তবে স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে থেকে আপনাকে রিচার্জ করতে হবে। সময়মতো রিচার্জ না করলে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে।

মনোহরলাল খট্টর জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের সর্বত্র স্মার্ট মিটার বসবে। জুলাই থেকে পুরোদমে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। WBSEDCL অবশ্য এখনই প্রায় ৭ লক্ষ স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে।

স্মার্ট মিটারে রিচার্জ করবেন কীভাবে?

স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ খরচের আগে আপনাকে রিচার্জ করতে হয়। আপনি বাড়িতে বসে নিজেই সেই রিচার্জ করতে পারেন। যাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার রয়েছে, তাঁরা জানেন কীভাবে রিচার্জ করতে হয়। যাঁদের বাড়িতে এখন স্মার্ট মিটার বসবে, তাঁরা জেনে নিন কীভাবে রিচার্জ করবেন।

স্মার্ট মিটারের রিচার্জের জন্য আপনার মোবাইলে WBSEDCL-এর একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম বিদ্যুৎ সহযোগী। অ্যাপটি ডাউনলোডের পর প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেটা দিলেই ফোনের স্ক্রিনে আপনার নাম এবং কনজিউমার আইডি দেখা যাবে।

সেখানে ক্লিক করলে ড্যাশবোর্ড বিভিন্ন অপশন দেখতে পাবেন। রিচার্জ, দৈনিক বিদ্যুৎ খরচের হিসাব, কত টাকা ব্যালেন্স রয়েছে। মাসিক খরচের হিসাবও জানতে পারবেন। খেয়াল রাখতে হবে আপনার ব্যালেন্স যেন সবসময় পজিটিভ থাকে। নেগেটিভ হয়ে গেলেই লাইন কাটার সম্ভাবনা থাকে। সেজন্য ব্যালেন্স থাকতে থাকতেই রিচার্জ করতে হবে। রিচার্জ করাও অত্যন্ত সহজ। অ্যাপে রিচার্জ অপশনে গিয়ে ইউপিআই কিংবা কার্ড দিয়ে রিচার্জ করতে পারেন। তবে ন্যূনতম ১০০ টাকার রিচার্জ করতে হবে।

স্মার্ট মিটারের অসুবিধা?

স্মার্ট মিটারের ক্ষেত্রে অসুবিধা বলতে, আপনাকে বিদ্যুৎ খরচের আগেই তা রিচার্জ করে রাখতে হবে। অর্থাৎ প্রিপেইড মোবাইলের মতো। বর্তমানে আপনি মাসের শেষে বিদ্যুৎ বিল মেটান, এতে কিছু ক্ষেত্রে অনেকের সুবিধা হয়। আবার বাড়িতে স্মার্ট মিটার থাকলে স্মার্ট ফোনও থাকলে সুবিধা। না হলে রিচার্জ করা ও বিদ্যুৎ খরচ আপনি জানতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *