NSE Electronic Gold Receipts: এবার শেয়ারের মতোই কেনাবেচা করা যাবে সোনা! নেই জালিয়াতির ভয়ও, কীভাবে কিনবেন? | Invest in Gold Just Like Stocks: NSE Bringing New Gold Trading Platform, Buy and Sell Gold Like Shares, No Fear of Fake Gold - 24 Ghanta Bangla News
Home

NSE Electronic Gold Receipts: এবার শেয়ারের মতোই কেনাবেচা করা যাবে সোনা! নেই জালিয়াতির ভয়ও, কীভাবে কিনবেন? | Invest in Gold Just Like Stocks: NSE Bringing New Gold Trading Platform, Buy and Sell Gold Like Shares, No Fear of Fake Gold

Spread the love

কলকাতা: সোনা (Gold) আর শুধু স্ত্রীধন হিসাবেই সীমাবদ্ধ থাকছে না, বিনিয়োগের অন্যতম সেরা অপশন হয়ে উঠছে হলুদ ধাতু। তবে শুধু সোনার বার বা কয়েন কিনে, পরে দাম বাড়লে তা বিক্রি করে দেওয়া নয়, বিনিয়োগের আরও নানা পথ খুলে গিয়েছে ডিজিটাল যুগে। এবার সাধারণ বিনিয়োগকারী ও সোনাপ্রেমীদের জন্য মিলল সুখবর।  শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মতোই অত্যন্ত সহজে এবং ডিজিটাল উপায়ে কেনাবেচা করা যাবে সোনাও। কীভাবে জানেন?

দেশের অন্যতম প্রধান শেয়ার বাজার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) আগামী ১০ সপ্তাহের মধ্যে তাদের ‘ইলেকট্রনিক গোল্ড রিসিটস’ (EGR) সেগমেন্ট চালু করতে চলেছে পুরোদমে। এর ফলে সোনা কিনে বিনিয়োগের জন্য আর গয়নার দোকানে যাওয়ার বা লকারে রাখার ঝামেলা পোহাতে হবে না।

নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য:

খাঁটি সোনার গ্যারান্টি: এই ব্যবস্থায় শুধুমাত্র ২৪ ক্যারেটের খাঁটি সোনা কেনাবেচা করা যাবে, যার বিশুদ্ধতার মাত্রা হবে ৯৯৫ এবং ৯৯৯। অর্থাৎ, জালিয়াতির কোনও সুযোগ থাকবে না।

সবার সাধ্যের মধ্যে: বড় বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ মধ্যবিত্তের কথাও মাথায় রাখা হয়েছে এই বিনিয়োগ ব্যবস্থায়। সর্বোচ্চ যেমন ১ কেজি পর্যন্ত সোনা কেনা যাবে, তেমনই সর্বনিম্ন বিনিয়োগ শুরু হচ্ছে মাত্র ১০০ মিলিগ্রাম (০.১ গ্রাম) থেকে। 

বাজারের সময়সীমা: সাধারণ শেয়ার বাজারের মতো এটি বিকেলে বন্ধ হয়ে যাবে না। এই প্ল্যাটফর্মে সকাল ৯ টা থেকে শুরু করে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোনা কেনাবেচা করা যাবে।

নিরাপদ লকার ব্যবস্থা: ডিজিটাল মাধ্যমে সোনা কেনা হলেও, তার সমপরিমাণ আসল সোনা অত্যন্ত সুরক্ষিতভাবে ‘সেবি’ (SEBI) নিয়ন্ত্রিত ভল্ট বা লকারে জমা থাকবে। ফলে সুরক্ষার বিষয়ে কোনও চিন্তা থাকবে না।

জিএসটি (GST) সংক্রান্ত নিয়ম: আপনি যদি এক্সচেঞ্জে শুধু ট্রেডিং বা বিনিয়োগ করেন, তবে কোনও জিএসটি লাগবে না। আপনি যদি ডিজিটাল সোনা ভাঙিয়ে আসল সোনা নিজের হাতে বা ফিজিক্যাল ডেলিভারি নিতে চান, তবে তার ওপর ৩ শতাংশ জিএসটি (GST) বসবে।

বাজার বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বাড়তে কিছুটা সময় লাগতে পারে। কারণ বড় বড় ব্রোকারেজ হাউস বা অ্যাপগুলি ধাপে ধাপে তাদের প্ল্যাটফর্মে এই সুবিধা যুক্ত করছে। তবে আগামী দিনে এটি যে সোনা বিনিয়োগের একটি অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *