H1B Visa Fee: H1B ভিসায় ১ লক্ষ ডলারের ফি বাতিল, আদালতে ধাক্কা ট্রাম্পের, স্বস্তিতে ভারতীয়রা | Trump's $100,000 H 1B Visa Fee Struck Down by US Judge, Relief for Skilled Foreign Workers - 24 Ghanta Bangla News
Home

H1B Visa Fee: H1B ভিসায় ১ লক্ষ ডলারের ফি বাতিল, আদালতে ধাক্কা ট্রাম্পের, স্বস্তিতে ভারতীয়রা | Trump’s $100,000 H 1B Visa Fee Struck Down by US Judge, Relief for Skilled Foreign Workers

Spread the love

ওয়াশিংটন: আমেরিকায় (America) কর্মরত ভারতীয়দের জন্য সুখবর। H1B ভিসার জন্য এবার থেকে আর অতিরিক্ত ফি দিতে হবে না। ভিসায় (H1B Visa Fee) ১ লক্ষ ডলারের ফি বাতিল করে দিল বস্টনের জেলা আদালত। এই বাড়তি ফি বেআইনিভাবে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে আদালত। বস্টন জেলা আদালতের এই রায়ে ভারতীয়-সহ সব বিদেশিদের স্বস্তি দিলেও, অস্বস্তি বাড়াল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এর আগে আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক আরোপ বেআইনি ঘোষণা করেছিল সেদেশের সুপ্রিম কোর্ট। এবার ট্রাম্পের আরও একটা সিদ্ধান্তকেও বেআইনি বলে উল্লেখ করা হল।

কেন ভিসা ফি বাড়িয়েছিলেন ট্রাম্প?

গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প প্রশাসন নতুন এই ফি চালুর ঘোষণা করেছিল। এর আগে এইচ-১বি ভিসা সংক্রান্ত বিভিন্ন ফি মিলিয়ে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে খরচ হত। সেই ফি হঠাৎ বাড়িয়ে ১ লক্ষ ডলার করে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রশাসনের দাবি ছিল, বিদেশি কর্মী নিয়োগ কমিয়ে মার্কিন নাগরিকদের জন্য চাকরির সুযোগ বাড়ানোই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। এর আগেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, আমেরিকার সংস্থাগুলো কম পারিশ্রমিকে বিদেশিদের নিয়োগ করছে। এর ফলে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমেছে।

কেন বেআইনি বলল আদলত?

ক্যালিফোর্নিয়া-সহ ২০টি ডেমোক্র্যাট-শাসিত রাজ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। তাঁদের অভিযোগ ছিল, এমন বিশাল অঙ্কের ফি আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া তা কার্যকর করা যায় না। সম্প্রতি, বস্টন জেলা আদালতের বিচারক সোরোকিন সেই যুক্তিকেই সমর্থন করেছেন। তিনি জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে এমন ফি আরোপ করতে পারেন না। ফলে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

ভারতীয়দের জন্য এই রায়ের গুরুত্ব আরও বেশি। আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক খাতের দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আমেরিকায় কাজ করার অন্যতম প্রধান পথ। প্রতিবছর ইস্যু হওয়া এইচ-১বি ভিসার বেশিরভাগই ব্যবহারকারী হলেন ভারতীয়। জানা গিয়েছে, বর্তমানে প্রতি বছর ৬৫ হাজার সাধারণ এইচ-১বি ভিসা এবং মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *