Jhargram Panchayat office controversy: পঞ্চায়েত সমিতিতে সভাপতির ঘর খুলতেই চক্ষু চড়কগাছ, ছড়ানো কন্ডোম! শোরগোল ঝাড়গ্রামে | Uproar in Jhargram as Condom Packets Found Inside Panchayat Samiti President’s Office
পঞ্চায়েত সমিতিতে সভাপতির ঘরে কন্ডোমের প্যাকেট পাওয়া গেলImage Credit: TV9 Bangla
ঝাড়গ্রাম: ‘অন্নপূর্ণা যোজনা’-র ফর্ম তুলতে এসেছিলেন। তীব্র দাবদাহ থেকে বাঁচতে পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘর খোলাতেই চক্ষু চড়কগাছ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক কন্ডোমের প্যাকেট! সন্দেহ হতেই খোলা পঞ্চায়েত সমিতির আলমারির লকার, আর সেখানেও মিলল কন্ডোমের প্যাকেট! ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লক (বেলপাহাড়ি) সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চত্বরের এই ঘটনায় সোমবার চরম উত্তেজনা ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিনপুর ২ নম্বর ব্লক চত্বরে ‘অন্নপূর্ণা যোজনার’ প্রকল্পের ফর্ম পূরণের জন্য বহু সাধারণ মানুষ ভিড় করেছিলেন। একদিকে উপচে পড়া ভিড়, অন্যদিকে অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয় পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের। বসার বা একটু ছায়ায় দাঁড়ানোর জায়গার অভাবে চরম দুর্ভোগে পড়েন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে বিজেপি কর্মী-সমর্থকরা ব্লক প্রশাসনের কাছে আবেদন জানান, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘরটি যেন সাধারণ মানুষের বসার জন্য সাময়িকভাবে খুলে দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতেই ঘরটি খোলার অনুমতি মেলে।
বিজেপি কর্মী ও সাধারণ মানুষ ঘরের দরজা খুলতেই হতবাক হয়ে যান। দেখা যায়, ঘরের মেঝের ওপর পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট। সন্দেহ দানা বাঁধায় এরপর ঘরের লকারগুলি খোলা হয়। লকার খুলতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, সেখানেও মজুত রয়েছে একাধিক কন্ডোমের প্যাকেট। পঞ্চায়েত সমিতির লকারে এই ধরনের আপত্তিজনক জিনিস উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ব্লক চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার অফিসে আসেননি। সভাপতি অনুপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এবং কারা তাঁর বন্ধ ঘরের ভেতর ও লকারে এই বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট রাখল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, তিনি কিছু জানেন না। বিজেপি কর্মীরা বিডিওর কাছে অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।