রুটিরুজির টানে দুবাইয়ে গিয়ে আর ফেরা হলো না বাড়ি! মরুশহরে মারাত্মক বিপর্যয়, মৃত বহু ভারতীয় শ্রমিক
দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের জেনারেল ডিরেক্টরেটের ডিরেক্টর, ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, একটি বড় ট্রাকের হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত অবস্থায় হঠাতই ওই সমস্যা হওয়ায়, রাস্তার মাঝখানেই সেটি থমকে দাঁড়িয়ে পড়েছিল।
পুলিশ আধিকারিকদের একাংশের অনুমান, মিনিবাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং সামনে থাকা ট্রাকটিকে যে দাঁড়িয়ে পড়েছে তা খেয়ালই করেননি বাসটির চালক। দু’টি যানের মধ্যে নিরাপদ দূরত্বও ছিল না। কাজেই মিনিবাস চালকের অসতর্কতার কারণেই বাসটি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে লরি বা ট্রাকটির পিছনে। এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন ভারতীয়, তা স্পষ্ট নয়।