রেলের স্বপ্ন হয়ে যাবে এ বার সত্যি! আশায় বুক বাঁধছে করিমপুর, জলঙ্গি
গত একশো বছরেরও বেশি সময় ধরে রেলের দাবিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক দপ্তরে চিঠিচাপাটি, আন্দোলন, বিক্ষোভ, জনমত গড়ে তোলা, গণস্বাক্ষর সংগ্রহ, সোশ্যাল মিডিয়ায় প্রচার, হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি, নানা জায়গায় ছোট ছোট বৈঠক— করিমপুর ও জলঙ্গির সাধারণ মানুষের পক্ষ থেকে বাদ যায়নি প্রায় কিছুই।
রেলের তরফেও কখনও সমীক্ষা হয়েছে, বাজেটে অর্থ বরাদ্দ হয়েছে। রাজনীতির কারবারিদের পক্ষ থেকে বছরের পর বছর ধরে মিলেছে প্রতিশ্রুতি। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। তবে, কেন্দ্র ও রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকার হওয়ায় অনেকেই এ দিন বলেছেন, ‘কথায় আছে, বৃথা আশা মরতে মরতেও মরে না। আশা করি, এ বার আমাদের দীর্ঘ লালিত স্বপ্ন পূরণ হবে।’