মুর্শিদাবাদকে উড়িয়ে বেঙ্গল টি-২০ লিগে দুরন্ত জয় মালদার
স্পোর্টস ডেস্ক, কলকাতা: বেঙ্গল টি-২০ লিগে (Bengal T20 League) নিজেদের জয়ের ধারা বজায় রাখল সোবিসকো স্ম্যাশার্স মালদা। শনিবার ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে ৭ উইকেটে পরাজিত করে …
স্পোর্টস ডেস্ক, কলকাতা: বেঙ্গল টি-২০ লিগে (Bengal T20 League) নিজেদের জয়ের ধারা বজায় রাখল সোবিসকো স্ম্যাশার্স মালদা। শনিবার ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে ৭ উইকেটে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় তারা। বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারের পরিবর্তে ১৫ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মালদার অধিনায়ক মুকেশ কুমার।
প্রথমে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কিংস নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন দীপাংশু। ওপেনার ঋষভ চৌধুরীও ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় বড় স্কোরের দিকে এগোতে পারেনি মুর্শিদাবাদ। মালদার বোলিং বিভাগে সুরজ সিন্ধু জয়সওয়াল ছিলেন সবচেয়ে সফল। তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অধিনায়ক মুকেশ কুমার, বিকাশ সিং সিনিয়র এবং প্রয়াস রায় বর্মণ একটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ ১৩৪ রানে থামে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে দেখা যায় মালদার ব্যাটারদের। রান তাড়ার চাপকে একেবারেই গুরুত্ব না দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগোতে থাকেন ঋতম পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ। বিশেষ করে ঋতমের ব্যাট থেকে আসে ম্যাচ বদলে দেওয়া ইনিংস। মাত্র ২৯ বলে ৫০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর ঋতম পোড়েল বলেন, “উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা জানতাম শুরুটা ভালো করতে পারলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম। দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। অভিমন্যু দার সঙ্গে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সামনে আরও ধারাবাহিক পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে।”
অন্য প্রান্তে অভিমন্যু ঈশ্বরণ দুর্দান্ত সংযমের পরিচয় দেন। তিনি ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দু’জনের গুরুত্বপূর্ণ জুটির সামনে মুর্শিদাবাদের বোলাররা কার্যত অসহায় হয়ে পড়েন। মুর্শিদাবাদের হয়ে আদিত্য শর্মা দুটি এবং সক্ষম চৌধুরী একটি উইকেট নিলেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সোবিসকো স্ম্যাশার্স মালদা। ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে এই ম্যাচে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে মালদা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চাপের মুহূর্তগুলো দক্ষতার সঙ্গে সামলে তারা প্রমাণ করে দিল, চলতি বেঙ্গল টি-২০ লিগে তারা অন্যতম শক্তিশালী দাবিদার। ৭ উইকেটের এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।