বিয়ের মাত্র ২৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ গঙ্গারামপুরে
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অন্য শ্রমিকেরা। এর পর ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নামানো হয় এবং কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মিঞা বলেন, ‘ঠিকাদারদের তাড়াহুড়ো ও চাপের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিয়ের ২৯ দিনের মাথায় একটি তরতাজা যুবকের প্রাণ চলে গেল। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’ মৃতের আত্মীয় ও সহকর্মী মোকসেদ মিঞার অভিযোগ, ‘শ্রমিকদের উপর অযথা চাপ সৃষ্টি করে কাজ করানো হয়। তারই ফল এই মৃত্যু। আমরা চাই পরিবারটির পাশে দাঁড়ানো হোক এবং শ্রমিকদের নিরাপদ পরিবেশে কাজের ব্যবস্থা করা হোক।’