পঞ্চায়েত অফিসে তালা, উত্তপ্ত রানিবাঁধ
বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রুদড়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। শনিবার বেলা ১১টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ২০২৪-২৫ অর্থবর্ষে একাধিক প্রকল্পের কাজ না করেই টাকা তোলা হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। বিজেপির দাবি, বার বার অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েত অফিসে পোস্টার সাঁটিয়েও তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলা হয়। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর তদন্তের আশ্বাসের পরে তালা খোলা হয়।