যত্রতত্র থুতু, আবর্জনা ফেলা? ১ সেপ্টেম্বর থেকে জরিমানা, শহর পরিচ্ছন্ন রাখতে কঠোর পুর ও নগরোন্নয়ন দপ্তর
শহরগুলির বিভিন্ন মন্দিরের পুজোর ফুল যত্রতত্র না–ফেলে সে সব প্রক্রিয়াকরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ কী ভাবে তৈরি করা সম্ভব, সেটা খতিয়ে দেখতে ২০ জুনের মধ্যে মন্দিরগুলিকে চিহ্নিত করে তার তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে ওই নির্দেশিকায়। পুজোর ফুল প্রক্রিয়াকরণে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী বা অন্য কোনও সংস্থাকে যাতে কাজে লাগানো যায়, সে ব্যাপারে নির্দিষ্ট প্রস্তাব তৈরি করে দিতে হবে। শহরকে জঞ্জালমুক্ত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার অভিযান চালানোর কথা বলা হয়েছে। টানা তিন মাস সচেতনতা অভিযান চালানোর পরেও কেউ যত্রতত্র জঞ্জাল বা থুতু ফেললে পুর আইন এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা নেওয়া হবে। ব্যস্ত রাস্তা, বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশনের চারপাশ এবং অন্যান্য জনবহুল এলাকায় নিয়মিত দিনে ও রাতে দু’বার ঝাঁট দেওয়া ও নর্দমা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এই কাজ হবে দুটো শিফ্টে। রাস্তা ও ফুটপাথে যাঁরা কোনও অনুমতি ছাড়াই স্টল, শেড তৈরি করেছেন, যথাযথ নোটিস দিয়ে তাঁদের সরাতে হবে। রাস্তার উপর কেউ দোকান করলে বা ব্যবসা চালালে তা দখলমুক্ত করতে হবে।