ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের, আটকে গেল স্পেনও, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত? - 24 Ghanta Bangla News
Home

ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের, আটকে গেল স্পেনও, বিশ্বকাপের আগে অশনি সঙ্কেত?

Spread the love

২০১০ সালে FIFA বিশ্বকাপ জিতেছিল স্পেন। ১৬ বছর পরে লামিনে ইয়ামাল, পেদ্রি, ফেরান তোরেসদের হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে তারা। অন্য দিকে ২০১৮-র চ্যাম্পিয়ন ফ্রান্স, ২০২২-এ রানার্স। এ বার এমবাপে, দেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া এই দলও খেতাবের যোগ্য দাবিদার। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই যা ছবি, তাতে চিন্তা বাড়ল সমর্থকদের। প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল আইভরি কোস্ট ২-১ গোলে হারিয়ে দিল শক্তিশালী ফ্রান্সকে। অন্য ম্যাচে ইরাকের কাছে আটকে গেল স্পেন। ১-১ গোলে ড্র হলো ম্যাচ। বিশ্বকাপের আগেই অশনি সঙ্কেত?

দেসিরে দুয়ের ফ্রান্সকে হারালেন দাদা গুয়েলা দুয়ে

ঘরের মাঠে নান্তেসে খেলেও ম্যাচ হারতে হলো ফ্রান্সকে। তবে শুরুটা খারাপ হয়নি। প্রথম একাদশে ছিলেন এমবাপে, চেরকি, ওলিসে, থুরামরা। প্রথমার্ধ শেষের ঠিক আগে রায়ান চেরকির গোলেই লিড নেয় ফ্রান্স। কিন্তু পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক আইভরি কোস্টের।

দ্বিতীয়ার্ধ শুরুর আট মিনিটের মধ্যে সমতা ফেরায় আফ্রিকার এই দল। নিকোলাস পেপের পাস থেকে গোল করেন গুয়েলা দুয়ে। যিনি ফ্রান্স ও PSG-র তারকা ফুটবলার দেসিরে দুয়ের দাদা। ৮৪ মিনিটে ফের জ্বলে ওঠেন দুয়ে। তাঁর বাড়ানো লো ক্রস ধরে জয়সূচক গোল আসে আমাদ দিয়ালোর পা থেকে।

PSG-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দেম্বেলে, দুয়েদের এই ম্যাচে বিশ্রাম দেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। তা সত্ত্বেও এই তারকাখচিত টিম নিয়ে ফ্রান্সের হার চিন্তা বাড়াবে কোচের। কুন্দে, উপামেকানোদের নিয়ে গড়া ডিফেন্স নিয়েও উঠছে প্রশ্ন। তাই নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ছন্দে ফেরাই লক্ষ্য ফ্রান্সের।

ইরাকের বিরুদ্ধে ড্র স্পেনের

খেতাবের আর এক দাবিদার স্পেনও ১-১ গোলে ড্র করল ইরাকের বিরুদ্ধে। চোটের জন্য এই ম্যাচে খেলেননি লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবুও শক্তিশালী দল নিয়ে নেমেছিল স্পেন। দানি ওলমো, গাভি, আলেক্স বায়েনা, তোরেসরা ছিলেন টিমে। ১৬ মিনিটের মাথায় ফেরান তোরেসের গোলেই লিড নেয় স্পেন। কিন্তু ১০ মিনিটের মধ্যে মের্চাস দেসকির গোলে সমতা ফেরায় ইরাক।

এর পরে কোনও দলই গোল করতে পারেনি। একাধিক তারকা ও প্রধান ফুটবলার না থাকলেও স্পেনের এই পারফর্ম্যান্স চিন্তা বাড়িয়েছে সমর্থকদের। বিশ্বকাপে নামার আগে পেরুর বিরুদ্ধ আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *