Suryakumar Yadav: টানা ফ্লপের মাশুল, সূর্যকে নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে বোর্ড? | Suryakumar Yadav likely to lose India T20I captaincy despite T20 World Cup win
আর জাতীয় দলে দেখা যাবে না স্কাই-কে?Image Credit: Getty Images
কলকাতা: সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভবিষ্যৎ কী? এই বিষয়ে দিন দুয়েকের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবারই ভারতের আসন্ন তিন সিরিজের দল নিয়ে বৈঠক করবে বিসিসিআই। এই বৈঠকের পরেই দল ঘোষণা হবে সিরিজের জন্য। তবে শোনা গিয়েছে, মুম্বইয়ের এই ব্যাটারের টানা অফ ফর্ম ও আইপিএলেও খারাপ ফর্মের কারণে বিসিসিআই নির্বাচকরা এবার ভিন্ন কোনও অধিনায়ক নির্বাচনের কথা ভাবছেন।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, নির্বাচক কমিটি, দলের ম্যানেজমেন্ট, বিসিসিআই কোচ গম্ভীরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ভারতের সূর্যের বিকল্প ভাবা উচিত। সূর্যের অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও তাঁর বর্তমান ফর্মের কথা মাথায় রেখে দল বিবেচনা করেছে, এবার অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
বিশ্বকাপের শিরোপা জিতলেও, ব্যাটার হিসেবে সূর্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ একদমই ভাল যায়নি। টুর্নামেন্টের ৮ ম্যাচে তিনি মোট রান করেছেন ২৪২। এর মধ্যে একমাত্র আমেরিকার বিরুদ্ধে ছাড়া আর কোনও ম্যাচেই ফর্মে দেখা যায়নি ভারত অধিনায়ককে। গোটা টুর্নামেন্টেই তাঁর ফর্মে ঘাটতি ছিল। তাঁর এই অফ ফর্ম বজায় ছিল ২০২৬ আইপিএলেও। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সূর্য ১৩ ম্যাচে ২০.৭৭ গড়ে মোট ২৭০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৭.৫৪। সর্বোচ্চ রান মাত্র ৬০।
সূর্যের পাশাপাশি বৈভব সূর্যবংশীকে নিয়েও সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড। আইপিএল ২০২৬ এ দুরন্ত ফর্মে ছিলেন বৈভব। জিতেছেন কমলা টুপিও। তাই তাঁর কি আদৌ জাতীয় দলে শিকে ছিঁড়বে, এই বিষয়েই প্রশ্ন তুলছেন অনেকে। তবে অনেক জায়গায় শোনা যাচ্ছে, সূর্যকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে বোর্ড। তবে সব রহস্যের পর্দাফাঁস হবে বোর্ডের বৈঠকেই।