সূর্যকুমারের ভাগ্য নির্ধারণ শনিবার, নতুন অধিনায়ক কে— শ্রেয়স না সঞ্জু?
ভারত ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। এর পর ১, ৪, ৭, ৯ এবং ১১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসও রয়েছে। ফলে তিনটি আলাদা দলের ভারসাম্য বজায় রাখা নির্বাচকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়ে বাড়ছে জল্পনা
এই বৈঠকের সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারেন সূর্যকুমার যাদব। চলতি বছর তাঁর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু তার পর ব্যাট হাতে তিনি ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারেননি। IPL-এও তাঁর পারফরম্যান্স প্রত্যাশা মতো ছিল না। ফলে শুধু দলে তাঁর জায়গা নয়, অধিনায়ক হিসেবেও তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের কথা ভাবছেন নির্বাচকেরা। এমনও শোনা যাচ্ছে যে সূর্যকুমারকে অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে। এমন কী নির্বাচকেরা যদি নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান, তা হলে তিনি দল থেকেই বাদ পড়তে পারেন বলে জল্পনা রয়েছে। ভারতকে বিশ্বকাপ জেতানোর পরও সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী দিনের পরিকল্পনা কী হবে, তা নিয়েই এখন আলোচনা চলছে।