ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ তাঁর দলেই, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ আমেরিকান কংগ্রেসের নিম্নকক্ষে
ডোনাল্ডের ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন তাঁরই দলের লোকেরা। তার ফলে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ হলো আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষে। মিড টার্ম নির্বাচনের আগে যা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একাংশ যে ইরানের সঙ্গে আর যুদ্ধ চাইছেন না, তা আগেই দেখা গিয়েছে। এর আগেও ইরান যুদ্ধ আটকাতে চেয়ে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা আমেরিকান কংগ্রেসের দুই কক্ষ, হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ এবং সেনেটে একাধিক বার প্রস্তাব এনেছিলেন। প্রত্যেক বারেই দেখা গিয়েছে, রিপাবলিকান পার্টির কোনও না কোনও সদস্য সেই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন। আমেরিকার রাজনৈতিক মহলের মতে, বিষয়টি ট্রাম্পের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ। দলে এই বিদ্রোহীদের সংখ্যা উত্তরোত্তর বেড়েওছে। সদ্য যে ভোটাভুটি হয়েছে, তাতে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২১৫টি। আর বিপক্ষে ২০৮টি। এ বার অন্তত তিন জন রিপাবলিকান সদস্য ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন।